আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ার টিচার্স লাউঞ্জে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম ফোরাম-এর সভাপতি সজীব প্রধান, সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক হাওলাদার ইমন এবং লেখক ফোরাম ঢাবি শাখার এ্যালামনাই ও লেখক মো. উজ্জ্বল হোসেন। এছাড়া লেখক ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা, বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখা, ইডেন মহিলা কলেজ শাখা, তিতুমীর কলেজ শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যগণও উপস্থিত।
অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে জাহানুর ইসলামের মাধ্যমে শুরু হওয়া লেখক সংঘ যা পরবর্তীতে লেখক ফোরাম হিসেবে যাত্রা শুরু করে তা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে দেশব্যাপী ২৪টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে কাজ করছে। বর্তমানে লেখক ফোরামের প্রায় ১০ হাজার সদস্য রয়েছে। যারা প্রতিদিন বিভিন্ন পত্রিকায় নিয়মিত কলাম, চিঠিপত্র, ফিচার ইত্যাদি লিখে যাচ্ছে দেশ, সমাজ ও জাতির বৃহত্তর কল্যাণের স্বার্থে।
অতিথিগণ আরো বলেন, বিশ্বের অন্যান্য দেশে একজন লেখকের লেখা পত্রিকায় ছাপা হলে তাকে সম্মানী দেয়া হয় যার প্রচলন বাংলাদেশে খুবই অপ্রতুল। অতিথিরা দেশের বিভিন্ন সংবাদপত্রে লেখক ফোরামের যে সদস্যরা নিয়মিত লেখালেখি করে যাচ্ছে তাদেরকে যথাযথ সম্মান ও উৎসাহ দেয়ার আকাঙ্খা ব্যক্ত করেন।
লেখক ফোরামের প্রতিষ্ঠালগ্ন থেকে এই আট বছরে লেখক ফোরামের সদস্যদের প্রায় লক্ষাধিক কলাম পত্রিকায় ছাপা হওয়ার গৌরব অর্জন করেছে। দেশের বিভিন্ন প্রান্তের নানা সমস্যা নিয়ে লেখালেখি করার মাধ্যমে দেশের অবকাঠামোগত উন্নয়নেও লেখক ফোরামের সদস্যরা ভূমিকা রাখছে।
সবশেষে অতিথিরা বাংলাদেশ যতদিন টিকে থাকবে ততদিন লেখক ফোরামের অস্তিত্ব টিকে থাকার আশাবাদ ব্যক্ত করেছেন।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত মায়ের কাছে খোলা চিঠি লেখা প্রতিযোগিতা, বাবা দিবস উপলক্ষে কবিতা লেখা প্রতিযোগিতা, মাসিক সেরা লেখক, সেরা প্রশিক্ষক, সেরা ফটোগ্রাফার পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহানুর ইসলামের মাধ্যমে যাত্রা শুরু করে ‘লেখক সংঘ’ নামে। পরবর্তীতে এর নামকরণ করা হয় ‘লেখক ফোরাম’। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের ২৪টি বিশ্ববিদ্যালয় ১০ হাজারের অধিক সদস্য নিয়ে বৃহত্তর সংগঠন হিসেবে লেখক ফোরাম কাজ করে যাচ্ছে।
