সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

বিএনপিকে ‘বিপ্লব’ এর হুঁশিয়ারি মামুনুল হকের

প্রথম সমাচার ডেস্ক ০৩ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আজ রবিবার (৩ মে) দিনব্যাপী একটি জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত এই কনভেনশনে জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোটসহ বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে আলোচনা হয়।

সমাপনী পর্বে ‘গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে জুলাই সনদ, সংস্কার ও গণভোট’ শীর্ষক আলোচনায় অংশ নেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

বক্তব্যে তিনি ক্ষমতাসীন দল বিএনপিকে সরাসরি সম্বোধন করে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পথে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, এই পথে অগ্রসর হওয়াই বিএনপির নিজের মঙ্গলের জন্য জরুরি। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, দলটি যদি এই দাবি উপেক্ষা করে চলতে থাকে, তাহলে ভবিষ্যতে যে গণবিক্ষোভ ও বিপ্লব আসবে, তার মধ্য দিয়ে বিএনপি ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

গণভোটের প্রশ্নে বিএনপির ভূমিকার কঠোর সমালোচনা করে মামুনুল হক বলেন, যে নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে, সেই নির্বাচনে দলটি গণভোটের পক্ষে প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি থেকে সরে আসা মানে নিজের জন্মদাত্রীকেই অস্বীকার করা।

তিনি আরও বলেন, বিশ্বের যেকোনো দেশে যখনই গণভোট হয়েছে, কোনো রাজনৈতিক দল তার রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি। বিএনপি যদি এই বিরল ব্যতিক্রম হয়, তাহলে দলটি বিশ্বের ইতিহাসে গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতাকারী একমাত্র দল হিসেবে চিহ্নিত হয়ে যাবে।

মামুনুল হক আরও বলেন, বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের দীর্ঘ রাজনৈতিক সম্পর্কের ইতিহাস রয়েছে। দীর্ঘদিন একসঙ্গে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে। কিন্তু গণভোট ও সংস্কারের প্রশ্নে বিএনপির অবস্থান দলটিকে বর্তমানে বিপরীত শিবিরে নিয়ে গেছে।

কনভেনশনের সমাপনী পর্বে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

এনসিপির পক্ষ থেকে বলা হয়, সংসদে বারবার আলোচনার পরেও সংবিধান সংস্কারে সরকারি দলের স্পষ্ট অনিচ্ছা দেখা গেছে। জুলাই সনদ ও গণভোটের অচলাবস্থা নিরসনেই এই কনভেনশনের আয়োজন করা হয়েছে বলে দলটির নেতারা জানান।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর প্রণীত জুলাই জাতীয় সনদ এবং পরবর্তীতে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র মতবিরোধ চলছে। বিরোধী দলগুলো ক্ষমতাসীন বিএনপির বিরুদ্ধে গণভোটের রায় উপেক্ষার অভিযোগ তুলে সংসদ ও রাজপথে আন্দোলন অব্যাহত রেখেছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...