কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপির ৫-৬ জন সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন পাটিকাবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলকোলা গ্রামে এ ঘটনা ঘটে।
বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. রুহুলের নেতৃত্বে প্রায় ৫০-৬০ জন লোক বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান।
প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার বিএনপি সমর্থকদের ভাষ্য, সন্ধ্যার পর নলকোলা গ্রামের ১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে নেতাকর্মীরা বসে মুড়ি-চানাচুর খাচ্ছিলেন। এ সময় রুহুলের নেতৃত্বে লোকজন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে হামলা চালান। তারা কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি সেখানে থাকা বিএনপি সমর্থকদের মারধর করেন। এতে ৫-৬ জন আহত হন বলে তারা জানান।
বিএনপির নেতাকর্মীরা আরও জানান, কয়েক দিন আগে মিছিল করার অভিযোগে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ইবি থানায় একটি নাশকতা মামলা হয়। ওই মামলায় আওয়ামী লীগ নেতা রুহুলসহ অনেকে আসামি হন। মঙ্গলবার আদালত থেকে জামিন পাওয়ার পর এলাকায় মিষ্টি বিতরণ করে তারা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ তাদের।
এদিকে হামলার ঘটনার পর বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা আওয়ামী লীগ নেতা রুহুলের বাড়িতে ভাঙচুর করেন। পরে তার পাটের গোডাউনে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফয়সাল মাহমুদ ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ইবি থানা পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছেন। তিনিও ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অসুস্থ স্থানীয় সরকার মন্ত্রী ও ভূমি মন্ত্রী দেখতে হাসপাতালে গেলেন রিজভী
বুকে ব্যথা নিয়ে এবার হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মঈন খান
বাদাম বেচি, আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছ, আর কী লাগে!’… জীবন সার্থক