বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
চুয়াডাঙ্গায়

বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াত কর্মীর মৃত্যু, আহত ৬

প্রথম সমাচার ডেস্ক, চুয়াডাঙ্গা ০১ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে বিএনপির হামলায় হাফিজুর রহমান (৫২) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। তিনি পেশায় একজন জুয়েলারি ব্যবসায়ী ছিলেন। সংঘর্ষে ইউনিয়ন জামায়াতের আমিরসহ উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান উপজেলার সুটিয়া গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে। হামলায় তার ছোট ভাই ও হাসাদাহ ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমানও গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাফিজুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ঢাকা পাঠানো হয়েছিল, যেখানে রাত ২টার দিকে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক বিরোধের জেরে হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিম উদ্দিনের সঙ্গে জামায়াত কর্মী মাহদি হাসানের দীর্ঘদিনের শত্রুতা ছিল। গত ১৩ ফেব্রুয়ারি মাহদি হাসানকে তুলে নিয়ে মারধরের একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল।

এরই ধারাবাহিকতায় শনিবার ইফতারের পর মাহদি হাসান ও তার বাবা জসিম উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে জামায়াত নেতা মফিজুর রহমান ও তার ভাই হাফিজুর রহমান ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপরও হামলা চালানো হয়। পরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়।

ঘটনার পর হাসাদাহ বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জীবননগর থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। এদিকে, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ রবিবার (১ মার্চ) সকালে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী।

হাসপাতালে আহতদের দেখতে যান চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল আমিন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্বশত্রুতার জেরে এই সংঘর্ষের সূত্রপাত। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...