বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, “বিএনপি হলো একটা ব্যর্থ আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ হলো একটা সফল বিএনপি।” চলমান বিভিন্ন জাতীয় ইস্যু নিয়ে শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
মামুনুল হক দাবি করেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকে যেসব কর্মকাণ্ড করেছে বা করতে চেয়েছে, বিএনপিও ক্ষমতায় আসার শুরুতেই সেসব নীতি অনুসরণ করছে। তিনি ইসলামী ব্যাংক, আদ্-দ্বীন হাসপাতাল, প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও নৃত্যবিষয়ক শিক্ষক নিয়োগের উদ্যোগ এবং গাইবান্ধায় মূর্তি নির্মাণের মতো কয়েকটি বিষয়কে উদাহরণ হিসেবে তুলে ধরেন।
ইসলামী ব্যাংক প্রসঙ্গে তিনি বলেন, ব্যাংকটিকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের জন্য উদ্বেগজনক। তার অভিযোগ, রাজনৈতিক বিবেচনায় নেওয়া কিছু সিদ্ধান্ত ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করতে পারে এবং এর নেতিবাচক প্রভাব অর্থনীতি ও রেমিট্যান্স প্রবাহের ওপরও পড়তে পারে।
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মতে, এ ধরনের সিদ্ধান্তে চিকিৎসাসেবা গ্রহণকারী সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়তে পারেন এবং বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
পোস্টে তিনি আরও অভিযোগ করেন, দেশের বড় রাজনৈতিক দলগুলো বরাবরই ইসলামপন্থীদের নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চেয়েছে। তবে ইসলামপন্থী দলগুলোর সঙ্গে সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক সম্মান, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে।
মামুনুল হক বলেন, জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে মোকাবিলার কৌশল হিসেবে কওমি আলেম সমাজ ও হেফাজতে ইসলামকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। অতীত অভিজ্ঞতা থেকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।
তার এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে।
