সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

বিকেল ৩টায় সংসদ অধিবেশনে ব্যাংক নোটসহ থাকছে যা

প্রথম সমাচার ডেস্ক ২৮ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় সংসদের আজকের অধিবেশনে একাধিক জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিকাল ৩টায় অনুষ্ঠেয় এই বৈঠকে প্রশ্নোত্তর পর্বে জননিরাপত্তা, সুরক্ষা সেবা, পররাষ্ট্র মন্ত্রণালয়, পরিকল্পনা, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে।

অধিবেশনে আলোচনার কেন্দ্রে থাকবে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত, চাঁদপুর-৪ আসনের সদস্য মোঃ আবদুল হান্নান সোলার চালিত সেচ পাম্প ব্যবস্থা নিয়ে কৃষি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। কৃষি খাতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার সম্প্রসারণ নিয়ে এই আলোচনা সংসদে বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

দ্বিতীয়ত, যশোর-১ আসনের সদস্য মুহাম্মাদ আজীজুর রহমান বেনাপোল স্থলবন্দরের নানাবিধ সমস্যা তুলে ধরে নৌ-পরিবহন মন্ত্রীর মনোযোগ চেয়েছেন। দেশের অন্যতম প্রধান এই স্থলবন্দরে দীর্ঘদিন ধরে চলে আসা সংকট নিরসনে সরকারের পদক্ষেপ জানতে চাওয়া হবে।

তৃতীয় ও অত্যন্ত আলোচিত বিষয়টি উত্থাপন করেছেন চাঁদপুর-২ আসনের সদস্য মোঃ জালাল উদ্দিন। নতুন ডিজাইনের ব্যাংক নোট নিয়ে জনমনে তীব্র বিরূপ প্রতিক্রিয়া এবং নকল টাকার ভয়াবহতার কারণে সৃষ্ট আতঙ্ক নিয়ে তিনি অর্থ মন্ত্রীর জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন।

এসবের পাশাপাশি আজকের অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপরও আলোচনা অনুষ্ঠিত হবে।

সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা থেকে জারি করা এই কার্যসূচিতে স্বাক্ষর করেছেন সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়া।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...