আসন্ন ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে সরকার। একই সঙ্গে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব অর্জনে আগের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সাশ্রয় হয়েছে বলেও দাবি করা হয়েছে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ ঘোষণা দেন।
তিনি বলেন, সরকার সরাসরি ফিফার সঙ্গে আলোচনা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ততার মাধ্যমে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব অর্জনে সক্ষম হয়েছে। এ প্রক্রিয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহযোগিতাও নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রীর দাবি, সম্প্রচার স্বত্বের জন্য প্রাথমিকভাবে প্রায় ২০০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হলেও সরকার তা গ্রহণ করেনি। পরবর্তীতে আলোচনার মাধ্যমে ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলারে চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছে, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ৪৭ কোটি ২৫ লাখ টাকা। ভ্যাট ও আয়করসহ মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৬৩ কোটি ৮০ লাখ টাকা।
তিনি আরও জানান, টেলিযোগাযোগ প্রতিষ্ঠান, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মের কাছে বিজ্ঞাপন ও সম্প্রচার-সংশ্লিষ্ট অধিকার বিক্রির মাধ্যমে অধিকাংশ অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে। ফলে বিটিভির ওপর সরাসরি আর্থিক চাপ কমবে বলে আশা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী দাবি করেন, স্বচ্ছতা ও ব্যয় সাশ্রয়ের নীতি অনুসরণ করে জনগণের জন্য বিশ্বকাপ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ক্রীড়া আয়োজন উপভোগের সুযোগ তৈরি করা।
এর ফলে দেশের কোটি কোটি ফুটবলপ্রেমী দর্শক রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভির মাধ্যমে আসন্ন ফুটবল বিশ্বকাপের খেলা উপভোগ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
