শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

বিমানবন্দরে লাগেজ চুরি ঠেকাতে লাইভ সিসিটিভির দাবিতে আইনি নোটিশ

Icon প্রথম সমাচার ডেস্ক

বিমানবন্দরে যাত্রীদের লাগেজ কেটে মূল্যবান সামগ্রী চুরি বন্ধে উড়োজাহাজের কার্গো হোল্ড থেকে ব্যাগেজ বেল্ট পর্যন্ত পুরো লাগেজ হ্যান্ডলিং কার্যক্রম টার্মিনালের মনিটরে সরাসরি (লাইভ) সিসিটিভিতে সম্প্রচারের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আজ সোমবার (৫ অক্টোবর) জনস্বার্থে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন এ আইনি নোটিশ পাঠান। একই সঙ্গে বিমানবন্দরে লোডার, গ্রাউন্ড হ্যান্ডলিং ও নিরাপত্তাকর্মী নিয়োগে অনিয়ম ও ঘুষ বন্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নজরদারি জোরদারের দাবিও জানানো হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান, দুদক চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং দেশের বিভিন্ন বিমানবন্দরের পরিচালক ও ব্যবস্থাপকদের নোটিশটি দেওয়া হয়েছে।

আইনি নোটিশে বলা হয়, দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি যাত্রী, পর্যটক, ব্যবসায়ী, কূটনীতিক ও প্রবাসীরা বিমানবন্দরে লাগেজ চুরির অভিযোগ করে আসছেন। বিশেষ করে উড়োজাহাজের কার্গো হোল্ড থেকে ব্যাগেজ বেল্টে পৌঁছানোর মধ্যবর্তী সময়ে তালাবদ্ধ লাগেজ কেটে মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী চুরির অভিযোগ রয়েছে।

এ ধরনের ঘটনা বন্ধে কার্গো হোল্ড থেকে লাগেজ খালাস, ট্রলিতে তোলা, র‌্যাম্প এলাকা দিয়ে পরিবহন এবং ব্যাগেজ বেল্টে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপ উচ্চমানের সিসিটিভির আওতায় আনার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে পুরো প্রক্রিয়া টার্মিনালের বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার প্রস্তাব করা হয়েছে।

নিরাপত্তা বা তল্লাশির প্রয়োজনে কোনো যাত্রীর লাগেজ খোলা হলে সেটিও ক্যামেরার মাধ্যমে যাত্রীর সামনে স্বচ্ছভাবে প্রদর্শনের দাবি জানানো হয়েছে।

নোটিশে আরও বলা হয়, বিমানবন্দরে লোডার, গ্রাউন্ড হ্যান্ডলিং ও নিরাপত্তাকর্মী নিয়োগে অনিয়ম ও ঘুষের অভিযোগ ঠেকাতে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে দুদককে কার্যকর প্রাতিষ্ঠানিক নজরদারি জোরদারের আহ্বান জানানো হয়েছে।

আইনি নোটিশে আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় যাত্রীদের অধিকার রক্ষায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন (পিআইএল) করা হবে বলে সতর্ক করা হয়েছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com