জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, ফরিদপুরের ভাঙ্গা ও আশপাশের জেলাগুলোতে যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তারা কোনোভাবেই সফল হবে না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিআইজি বলেন, সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর কোনো সুযোগ দেওয়া হবে না। কেউ জনপথে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভাঙ্গা সফরের উদ্দেশ্য সম্পর্কে তিনি জানান, মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময়, তাদের কার্যক্রমের খোঁজখবর নেওয়া এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতেই এ সফর। আগামী দিনগুলোতে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বাহিনীর সদস্যদের মনোবল ও কর্মদক্ষতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
এ সময় ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী জানান, জেলার কোতোয়ালি থানা এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় একজন নিহত হওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কয়েকজন আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্য আসামিদেরও শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপুসহ জেলা ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমপি নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি: পল্লী বিদ্যুতের এজিএম