বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর সোমবার দেশে ফেরার কথা ছিল জিম্বাবোয়ে ক্রিকেট দলের। কিন্তু মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনার কারণে তাদের ফেরার পরিকল্পনা আপাতত স্থগিত হয়েছে। ফলে দলটি এখনো দিল্লির হোটেলেই অবস্থান করছে।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম-এ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুপার এইট পর্বের শেষ ম্যাচ খেলেছিল জিম্বাবোয়ে। ওই ম্যাচে পরাজয়ের মাধ্যমে তারা সেমিফাইনালের সম্ভাবনা হারায়। সুপার এইটে তিন ম্যাচেই হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় দলটি।
দলের ক্রিকেটারদের দুই দফায় দেশে ফেরার সূচি ছিল। প্রথম দফার ফ্লাইট ভোরে এবং দ্বিতীয় দফার ফ্লাইট সন্ধ্যায় ছাড়ার কথা ছিল। পরিকল্পনা অনুযায়ী তারা দিল্লি থেকে প্রথমে দুবাই এবং সেখান থেকে জিম্বাবোয়ের রাজধানী হারারেতে পৌঁছানোর কথা ছিল।
তবে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার কারণে পশ্চিম এশিয়ার কয়েকটি দেশের আকাশসীমায় উড়োজাহাজ চলাচলে বিধিনিষেধ জারি হয়েছে। এর প্রভাব পড়েছে দুবাই ট্রানজিট রুটেও। ফলে নির্ধারিত ফ্লাইট বাতিল বা স্থগিত হয়েছে।
বর্তমানে ৪ মার্চ পর্যন্ত দিল্লির হোটেলে দলের থাকার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে বিকল্প রুটে কীভাবে খেলোয়াড়দের দেশে পাঠানো যায়, তা নিয়ে আয়োজক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে।
