সোমবার, ১৫ জুন ২০২৬
Logo
×

বিশ্বমঞ্চে বলিউড তারকা: নোরার হৃদয়ে শুধুই মরক্কো, টরন্টোতে ওড়ালেন স্বপ্নের পতাকা

প্রথম সমাচার ডেস্ক ১৫ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

২০২৬ সালের ১৪ জুন কানাডার টরন্টোতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া ফিফা বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ কাঁপিয়েছেন বলিউড তারকা, নৃত্যশিল্পী ও গায়িকা নোরা ফাতেহি। উদ্বোধনী আসরে বিশ্বকাপের অফিশিয়াল গান পরিবেশন করে পুরো স্টেডিয়ামকে সুর আর নাচের ছন্দে মাতোয়ারা করে তোলেন তিনি। নিজের জন্মশহরে বিশ্বকাপের মতো এত বড় বিশ্বমঞ্চে পারফর্ম করার অনন্য গৌরব অর্জন করায় বিশ্বজুড়ে বিনোদন ও ক্রীড়ামোদিদের মাঝে নোরা ফাতেহি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন এবং ব্যাপক প্রশংসিত হচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নোরা ফাতেহি এবারের বিশ্বকাপের অফিশিয়াল ফিফা গান ‘সির সির’ লাইভ পারফর্ম করেন। মরক্কোর অত্যন্ত জনপ্রিয় একটি ফুটবল স্লোগান থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা এই বিশেষ গানের মূল অর্থ হলো—‘চলো, এগিয়ে যাও’। নিজের পরিবেশনা নিয়ে নোরা ফাতেহি আশা প্রকাশ করেছেন যে, বিশ্বমঞ্চে গাওয়া এই গানটি টুর্নামেন্ট চলাকালীন বিভিন্ন দেশ থেকে আসা ফুটবল সমর্থকদের মাঝে এক দারুণ বৈশিক স্লোগানে পরিণত হবে এবং সবাইকে এক সুতোয় বাঁধবে।

বিবিসি নিউজবিটকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নোরা ফাতেহি এই বিশ্বমঞ্চে নিজের অনুভূতি ও মূল বার্তাটি শেয়ার করেছেন। তিনি বলেন, “এটাই সেই সময়, যখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দেশগুলো নিজেদের প্রতিভা নিয়ে কেন্দ্রবিন্দুতে আসে। ফুটবল এবং সংগীত সবসময়ই একসঙ্গে চলে।” তিনি আরও জানান, এই বিশাল প্ল্যাটফর্মটিকে তিনি মূলত বিশ্ববাসীর কাছে বহুমাত্রিক সংস্কৃতির প্রতিনিধিত্ব করতে, বহু সাংস্কৃতিক শিল্পচর্চাকে তুলে ধরতে এবং নিজের জীবনের সংগ্রামের গল্প বলার জন্য ব্যবহার করতে চেয়েছিলেন।

কানাডার টরন্টোতে জন্ম নেওয়া মরক্কান বংশোদ্ভূত নোরার বলিউড থেকে বিশ্বমঞ্চে আসার এই যাত্রাটা মোটেও সহজ ছিল না। মাত্র ২২ বছর বয়সে সম্পূর্ণ অচেনা দেশ ভারতে পাড়ি জমিয়েছিলেন অভিনয় ও নাচের ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে। ভাষা, সংস্কৃতি এবং তীব্র প্রতিযোগিতার সঙ্গে লড়াই করে ‘দিলবার’, ‘ও সাকি সাকি’, ‘নাচ মেরি রানি’ কিংবা ‘মানিকে’র মতো একের পর এক সুপারহিট গান উপহার দিয়ে নিজেকে বলিউডের অন্যতম সেরা ড্যান্সিং ডিভা হিসেবে প্রতিষ্ঠিত করেন। নিজের জন্মশহরে বিশ্বমঞ্চের এই পারফরম্যান্সকে একটি ‘অবাস্তব অভিজ্ঞতা’ ও ‘অনুপ্রেরণার গল্প’ হিসেবে উল্লেখ করে নোরা তরুণদের নিজের স্বপ্ন পূরণে সাহসী হওয়ার আহ্বান জানান।

ফিফা বিশ্বকাপের অফিশিয়াল গান ‘সির সির’ তৈরি করেছেন ফরাসি-আইভরিয়ান সংগীতশিল্পী ভেজেড্রিম এবং বাংলাদেশি-আমেরিকান জনপ্রিয় সংগীত প্রযোজক সঞ্জয় দেব (সঞ্জয় ডি)। গানটিতে মরক্কোর দারিজা ভাষা, আরবি, ফরাসি ও ইংরেজির এক চমৎকার মিশ্রণ রয়েছে, যা বিশ্বকাপের বৈশ্বিক চেতনাকে ফুটিয়ে তোলে। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করলেও এবার নোরা সাউন্ডট্র্যাকের অফিশিয়াল অংশ হওয়ায় দীর্ঘদিন ধরে মহড়া ও কঠোর প্রস্তুতি নিয়েছিলেন। ব্যক্তিগতভাবে নোরা জানান, বিশ্বকাপে তার শতভাগ সমর্থন থাকবে মরক্কো দলের প্রতি, যারা এবারের আসরেও বিশ্বকে চমকে দিতে প্রস্তুত।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...