খেলা ডেস্ক | ঢাকা লিওনেল মেসি এবং ফুটবলীয় মাইলফলক—যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। মাঠে নামলেই কোনো না কোনো রেকর্ড নিজের করে নেওয়াটা যেন আর্জেন্টিনা অধিনায়কের রোজকার অভ্যাসে পরিণত হয়েছে। এবার বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের দীর্ঘ ৬৯ বছরের এক প্রাচীন রেকর্ড ভেঙে চুরমার করলেন এই খুদে জাদুকর।
ইতিহাসের সবচেয়ে বয়স্ক গোলদাতা
আইসল্যান্ডের বিপক্ষে ৩–০ গোলে জয়ের ম্যাচে পেনাল্টি থেকে গোল করার সময় লিওনেল মেসির বয়স ছিল ৩৮ বছর ১১ মাস ১৭ দিন। এই গোলের মাধ্যমে তিনি আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি বয়সে গোল করার কীর্তি গড়লেন। এর মাধ্যমে মেসি ভেঙে দিলেন কিংবদন্তি আনহেল আমাদেও লাব্রুনার প্রায় সাত দশকের পুরোনো রেকর্ড।
আর্জেন্টাইন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফরোয়ার্ড লাব্রুনা ১৯৫৭ সালের ৭ জুলাই মারাকানায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ৩৮ বছর ৯ মাস ৯ দিন বয়সে নিজের শেষ আন্তর্জাতিক গোলটি করেছিলেন। এত বছর ধরে অক্ষত থাকা সেই রেকর্ডটিই এবার নিজের করে নিলেন মেসি।
রেকর্ডের পাতায় মেসির মহাকাব্য
বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ১৯৯টি ম্যাচ খেলা এবং সর্বোচ্চ ১১৭টি গোল করার রেকর্ড এককভাবে মেসির দখলে। বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামলেই আকাশি-সাদা জার্সিতে ২০০ ম্যাচ খেলার অনন্য এক ডাবল সেঞ্চুরি স্পর্শ করবেন তিনি। এছাড়া গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা গ্যাব্রিয়েল বাতিস্তুতার (৫৫ গোল) চেয়ে ৬২ গোলে এগিয়ে আছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক।
সামনে আরও দুই রেকর্ডের হাতছানি
লাব্রুনার গোল করার রেকর্ড ভাঙলেও, আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বয়সে মাঠে নামার রেকর্ডটি এখনো লাব্রুনার দখলেই থাকছে। ১৯৫৮ বিশ্বকাপে ৩Layout৯ বছর ৮ মাস ১৬ দিন বয়সে মাঠে নেমেছিলেন তিনি। মেসিকে এই রেকর্ড ভাঙতে হলে বিশ্বকাপের পরও খেলা চালিয়ে যেতে হবে।
তবে ২০২৬ বিশ্বকাপে মেসির সামনে থাকছে আরেকটি বড় সুযোগ। ২০১০ বিশ্বকাপে গ্রিসের বিপক্ষে ৩৬ বছর ৭ মাস ১৫ দিন বয়সে গোল করে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক গোলদাতার রেকর্ড গড়েছিলেন মার্টিন পালের্মো। এবারের বিশ্বকাপে একটি গোল করলেই পালের্মোর সেই রেকর্ডও ভেঙে নিজের করে নেবেন ফুটবল জাদুকর লিওনেল মেসি।
