প্রকৃতির বাধায় শেষ পর্যন্ত মাঠে গড়াতে পারল না ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি। কিংস্টনের সাবিনা পার্কে ক্রমাগত বৃষ্টির কারণে একটি বলও মাঠে না গড়িয়েই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচটিও বৃষ্টির পেটে গিয়েছিল। ফলে প্রথম ম্যাচে পাওয়া দুর্দান্ত জয়ের সুবাদে ১-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল সফরকারী শ্রীলঙ্কা।
এই জয়ের মাধ্যমে দীর্ঘ ২৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কোনো ওয়ানডে সিরিজ জেতার ঐতিহাসিক গৌরব অর্জন করল লঙ্কানরা। এর আগে ২০০৩ সালে শেষবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়ানডে সিরিজ জিতেছিল তারা।
ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর ইনডোরে ট্রফি হাতে নেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। ওয়ানডে মিশন শেষে এবার দুই দল মুখোমুখি হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।
