দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো আসতে যাচ্ছে। আগামী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা আসছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার বাজেট বক্তব্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানা গেছে।
তবে নতুন বেতন কাঠামোর ঘোষণা এলেও আসন্ন বাজেটে বেতন-ভাতা খাতে বাড়তি কোনো বরাদ্দ রাখা হয়নি। প্রস্তাবিত বাজেটে এই খাতে মোট বরাদ্দ ধরা হয়েছে ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা।
অথচ চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ৮৪ হাজার ১১৪ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে বাড়িয়ে ৮৪ হাজার ৭৩৯ কোটি টাকা নির্ধারণ করা হয়েছিল।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন অর্থবছরের শুরু থেকে নতুন বেতন কাঠামো আংশিকভাবে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। মূল বেতন বৃদ্ধির একটি অংশ প্রথম পর্যায়ে কার্যকর করা হতে পারে।
এই বাড়তি ব্যয় মেটাতে বিভিন্ন খাতে থোক বরাদ্দ এবং অপ্রত্যাশিত ব্যয় খাতের অর্থ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন খাতে প্রায় ৩৭ হাজার কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
