বেসরকারি স্কুল ও কলেজের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত শর্ত শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, এ পদে দায়িত্ব পালনের জন্য ন্যূনতম স্নাতক পাসের বাধ্যবাধকতা বাতিল করা হচ্ছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা–২০২৪’ পর্যালোচনা করা হয় এবং বিদ্যমান শিক্ষাগত যোগ্যতার শর্ত পরিবর্তনের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, প্রবিধানমালা সংশোধনের মাধ্যমে সভাপতির পদে শিক্ষাগত বাধ্যবাধকতা শিথিল করা হবে। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হতে পারে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. আ ন ম এহছানুল হক মিলন। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির জন্য ন্যূনতম স্নাতক পাসের শর্ত ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেই শর্ত বাতিল করা হচ্ছে। এর ফলে ২০২৪ সালের আগের নিয়ম পুনর্বহাল হবে, যেখানে এই পদে দায়িত্ব পালনের জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ছিল না।
চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হলে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনায় সভাপতির পদে নিয়োগের ক্ষেত্রে আগের তুলনায় আরও নমনীয়তা তৈরি হবে।
