লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিদ্যুৎ বিলের মাত্র ৫ টাকা লেনদেনকে কেন্দ্র করে প্রবাসী এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাইয়ের বিরুদ্ধে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি আলমগীর হোসেন। অভিযোগের তীর তার বড় ভাই খোরশেদ আলমের দিকে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বিদ্যুৎ বিলের বকেয়া ৫ টাকা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধ তীব্র আকার ধারণ করে। পরে বাড়ির পাশের একটি চায়ের দোকানে গেলে খোরশেদ আলমসহ কয়েকজন আলমগীরকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে যাওয়া হয়।
পরে স্থানীয়রা উদ্ধার করে আলমগীর হোসেনকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রাহায়ন কাজীমি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
