আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর এবং জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের জন্য বড় ধরনের রদবদল এনে টি-টুয়েন্টি দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। ঘোষিত এই দলে যেমন রয়েছে বড় চমক, তেমনি বাদ পড়েছেন কিছু নিয়মিত মুখ। গুঞ্জনকে সত্যি করে ভারতের নতুন টি-টুয়েন্টি অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রেয়াস আইয়ার। অন্যদিকে, সবচেয়ে বড় চমক হিসেবে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ১৫ বছর বয়সী বিস্ময়বালক বৈভব সূর্যবংশী।
১৫ বছরের বিস্ময়বালক সূর্যবংশী এবারের আইপিএলে ২০০-এর বেশি স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে লাইমলাইটে আসেন কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশী। আইপিএলের সেই বিধ্বংসী ফর্মেরই হাতেনাতে ফল পেলেন তিনি। আগামী ২৬ ও ২৮ জুন বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি এবং ১ থেকে ১১ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে ভারত। এই দুই সফরের যেকোনো একটিতে অভিষেক হলেই ইতিহাসের পাতায় নাম লেখাবেন সূর্যবংশী। ১৬ বছর পূর্ণ হওয়ার আগে আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রথম ভারতীয় ক্রিকেটার হবেন তিনি, যাঁর পেছনে পড়ে যাবেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারও (শচীনের টেস্ট অভিষেক হয়েছিল ১৬ বছর ২০৫ দিনে)।
অধিনায়ক আইয়ার, বাদ পড়লেন সূর্যকুমার ২০২৩ সালে শেষবার ভারতের হয়ে টি-টুয়েন্টি খেলা শ্রেয়াস আইয়ার দীর্ঘ বিরতির পর সরাসরি অধিনায়ক হিসেবে দলে ফিরলেন। আইপিএলে অধিনায়ক হিসেবে আইয়ারের রেকর্ড দারুণ। তাঁর অধীনে ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্স শিরোপা জেতে এবং ২০২০ ও ২০২৫ সালে যথাক্রমে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস ফাইনাল খেলে। এছাড়া আইপিএলের গত দুই আসরে ব্যাট হাতেও দারুণ ফর্মে ছিলেন তিনি।
তবে সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে সূর্যকুমার যাদবকে ঘিরে। গত মার্চে যাঁর নেতৃত্বে ভারত টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রেখেছিল, সেই বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার শুধু নেতৃত্বই হারাননি, দল থেকেও পুরোপুরি বাদ পড়েছেন। ২০২৮ সালের পরবর্তী টি-টুয়েন্টি বিশ্বকাপের দূরদর্শী চিন্তা (তখন তাঁর বয়স হবে ৩৮) এবং সাম্প্রতিক সময়ে আইপিএল ও বিশ্বকাপে সূর্যকুমারের অফ-ফর্মের কারণেই নির্বাচকেরা এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।
দলের অন্যান্য পরিবর্তন ঘোষিত এই স্কোয়াডে সূর্যবংশী ছাড়াও নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন নীতীশ কুমার, রবি বিষ্ণোই ও প্রিন্স যাদব। তবে বিশ্বকাপজয়ী দল থেকে বাদ পড়েছেন রিঙ্কু সিং ও কুলদীপ যাদব। এছাড়া তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও পেসার যশপ্রীত বুমরাকে এই দুই সফর থেকে বিশ্রাম দেওয়া হয়েছে, যদিও বুমরাকে রাখা হয়েছে এশিয়ান গেমসের দলে।
