প্রথম সমাচার ডেস্ক:
ভারতের দেশব্যাপী ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি নাম বাদ পড়া এবং এর ফলে দেশটির মুসলিম সম্প্রদায়ের উল্লেখযোগ্যসংখ্যক বৈধ ভোটারের ভোটাধিকার ও নাগরিকত্বের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে শিবির নেতারা বলেন, আন্তর্জাতিক ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতে দেশব্যাপী ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়া ভোটারদের মধ্যে মুসলিমদের সংখ্যা উদ্বেগজনক। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিশেষ যাচাই-বাছাইয়ের আওতায় প্রায় ২৭ লাখ ভোটারের নাম বাদ পড়েছে, যাঁদের মধ্যে প্রায় ৭০ শতাংশই মুসলিম। বৈধ পরিচয়পত্র ও পারিবারিক নথি থাকা সত্ত্বেও অনেক বাংলাভাষী মুসলিমের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় তাঁদের অনেককে ‘অবৈধ অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে আটক এবং বাংলাদেশে পুশ-ইন করার অভিযোগও উঠেছে। এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার সনদের সুস্পষ্ট লঙ্ঘন।
ভারতের প্রচলিত নির্বাচনী ও সাংবিধানিক আইনের প্রসঙ্গ টেনে তারা বলেন, ভারতের গণপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ২১(৩) ধারা অনুযায়ী নির্বাচন কমিশন বিশেষভাবে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দিতে পারে। তবে একই আইনের ২২ নম্বর ধারা এবং রেজিস্ট্রেশন অব ইলেকট্রস রুলস, ১৯৬০-এর (Registration of Electors Rules, 1960) ২১এ বিধি অনুযায়ী, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে যথাযথ তথ্য যাচাই, সংশ্লিষ্ট ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের যুক্তিসংগত সুযোগ দেওয়া এবং নিয়ম মেনে সিদ্ধান্ত গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। পাশাপাশি ভারতের সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা এবং ১৫ নম্বর অনুচ্ছেদে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ ও জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। ফলে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো নাগরিকের ভোটাধিকার খর্ব করা বা বৈষম্যমূলক আচরণ করা দেশটির সাংবিধানিক নীতির পরিপন্থী।
বিবৃতিতে শিবির নেতারা আরও উল্লেখ করেন, ভারতে মুসলিমদের নাগরিক ও মৌলিক অধিকার সংকুচিত করার এই প্রক্রিয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় ও আইনি পরিকল্পনার অংশ। বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)-র মাধ্যমে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে নাগরিকত্ব নির্ধারণের বৈষম্যমূলক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পাশাপাশি ৩৭০ অনুচ্ছেদ বাতিল, তিন তালাক আইন, অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) চাপিয়ে দেওয়ার উদ্যোগ, ওয়াকফ সম্পত্তি সংশোধনী আইন, গরু জবাইয়ের ওপর বিভিন্ন রাজ্যে আরোপিত নিষেধাজ্ঞা, মসজিদ ভেঙে ফেলা এবং মুসলিমদের বাড়িঘর ও স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার মতো কর্মকাণ্ডের মাধ্যমে তাদের ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। বর্তমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এসব বৈষম্যমূলক পদক্ষেপের ধারাবাহিকতায় ‘শনাক্ত কর, বাদ দাও এবং বিতাড়িত কর’ নীতিরই একটি স্পষ্ট বহিঃপ্রকাশ।
নাগরিকদের ভোটাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব উল্লেখ করে নেতারা বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে কোনো জনগোষ্ঠীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা কিংবা নাগরিকত্বের প্রশ্নে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে বৈষম্যমূলকভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া বন্ধ, প্রকৃত ও বৈধ ভোটারদের নাম পুনর্বহাল এবং বেআইনি আটক ও বাংলাদেশে পুশ-ইন বন্ধ করার জন্য ভারত সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সিলেক্টিভ মানবাধিকার নীতি পরিহার এবং ভারতের সংখ্যালঘু মুসলিমদের মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার সুরক্ষায় জাতিসংঘ, ওআইসি এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান নেতারা।

‘সঠিক পথে থাকার সংগ্রাম আল্লাহ দেখছেন’, চিত্রনায়িকা বর্ষা