শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

ভারতে বিদেশি পর্যটক আগমনে বড় উল্লম্ফন, সবচেয়ে বেশি বাংলাদেশি পর্যটক

Icon প্রথম সমাচার ডেস্ক

ভারতে বিদেশি পর্যটক আগমনের সংখ্যায় বড় ধরনের বৃদ্ধি দেখা গেছে। চলতি বছরের আগস্টে দেশটিতে প্রায় ৭ লাখ বিদেশি পর্যটক গেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৬ শতাংশ বেশি। আর বিদেশি পর্যটকদের সংখ্যায় এই বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশ। চীন থেকেও পর্যটক আগমন দ্বিগুণের বেশি বেড়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ভারতের পর্যটন মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্টে প্রায় ৬ লাখ ৯১ হাজার বিদেশি পর্যটক ভারত ভ্রমণ করেছেন। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল প্রায় ৬ লাখ ২৫ হাজার। আগস্টে বিদেশি পর্যটক বাড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশ। এই মাসটিতে বাংলাদেশ থেকে ৭৪ হাজারের বেশি পর্যটক ভারতে গেছেন, যা এক বছর আগের তুলনায় প্রায় ৮০ শতাংশ বেশি।

চীন থেকেও পর্যটক আগমনে বড় ধরনের বৃদ্ধি দেখা গেছে। আগস্টে চীন থেকে ভারতে আসা পর্যটকের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে, যা ২০২৫ সালের আগস্টের তুলনায় দ্বিগুণেরও বেশি। তবে ইউরোপ ও উত্তর আমেরিকার প্রচলিত পর্যটন বাজারগুলো থেকে পর্যটক বাড়ার হার তুলনামূলক কম। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য-দুই দেশ থেকেই পর্যটক আগমন বছরওয়ারি প্রায় ৩ শতাংশ বেড়েছে।

এছাড়া কানাডা, জার্মানি, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা থেকে পর্যটক আগমনে তুলনামূলক ভালো প্রবৃদ্ধি হয়েছে। এসব দেশ থেকে পর্যটক বেড়েছে ১০ থেকে ১৫ শতাংশের মধ্যে।

এনডিটিভি বলছে, বাংলাদেশ ও চীন থেকে পর্যটক আগমনে এই উল্লম্ফন বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ সাম্প্রতিক বছরগুলোতে উভয় দেশের পর্যটন বাজারই নানা ধরনের সমস্যার মুখে পড়েছিল। আগস্টের পরিসংখ্যান বলছে, ভারতে বিদেশি পর্যটক বাড়ার পেছনে শুধু প্রচলিত বাজারগুলোই ভূমিকা রাখছে না।

পর্যটননীতি নিয়ে কাজ করা থিংকট্যাংক অতিথি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হেমন্ত যোশি এনডিটিভিকে বলেন, এই পরিসংখ্যান আশাব্যঞ্জক। বিশেষ করে বাংলাদেশ ও চীনের মতো বাজার ঘুরে দাঁড়ানোয় ভারতের বিদেশি পর্যটনের পরিধি আরও বিস্তৃত হতে পারে বলে ইঙ্গিত মিলছে।তবে শুধু এক মাসের তথ্য দেখে বড় কোনো পরিবর্তনের সিদ্ধান্তে পৌঁছানোর বিষয়ে সতর্ক করেছেন তিনি। যোশি বলেন, ‘এক মাসের তথ্য দেখে এটিকে কাঠামোগত পরিবর্তন বলা উচিত হবে না’। তিনি বলেন, পর্যটন মৌসুমভিত্তিক হওয়ায় বিভিন্ন দেশ থেকে পর্যটক আসার ধরনেও বড় ধরনের পার্থক্য দেখা যেতে পারে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com