শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার, দিলেন আড়াই লাখ ডলার সহায়তা

প্রথম সমাচার ডেস্ক ২৯ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে সহযোগিতার জন্য তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন।

ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও জানিয়েছে, নেইমারের দেওয়া অর্থ দুর্গত মানুষের জন্য খাদ্য, বিশুদ্ধ পানীয় পানি, প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্মাণে ব্যয় করা হবে।

অনুদান প্রসঙ্গে নেইমার বলেন, ভেনেজুয়েলার মানুষের দুর্দশা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, তার এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কঠিন সময়ে কিছুটা হলেও স্বস্তি ও সাহস যোগাবে।

এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানায়, গত বুধবার ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ হাজার ২৩৮ জন এবং বাস্তুচ্যুত হয়েছে ৩ হাজার ১৪২টি পরিবার।

অন্যদিকে, দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতিও নিচ্ছেন নেইমার। সম্প্রতি স্কটল্যান্ডের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে জাতীয় দলে প্রত্যাবর্তন করেন তিনি। ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, গত এক সপ্তাহে নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং এখন তিনি আগের তুলনায় দীর্ঘ সময় মাঠে খেলার মতো ফিট।

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে আজ জাপানের বিপক্ষে ব্রাজিলের হয়ে নেইমারকে আরও বেশি সময় মাঠে দেখা যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল কোচ।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...