মাঠ ছাড়ার সময় দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছিলেন মেস্তায়ার দর্শকেরা। বেঞ্চে বসার পর তাদের দল ভ্যালেন্সিয়াকে নিয়েই কড়া মন্তব্য করেন রদ্রি। সতীর্থদের সঙ্গে সেই কথোপকথন ক্যামেরায় ধরা পড়তেই শুরু হয় বিতর্ক। এবার ভ্যালেন্সিয়ার অধিনায়ক হোসে লুইস গায়ার সঙ্গে যোগাযোগ করে ক্ষমা চেয়েছেন বার্সেলোনার বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার।
স্প্যানিশ সম্প্রচারমাধ্যম আপুন্টের তথ্য উদ্ধৃত করে দৈনিক এএস জানিয়েছে, নিজের মন্তব্যের জন্য গায়ার কাছে দুঃখ প্রকাশ করেছেন রদ্রি। তিনি বুঝতে পেরেছেন, কথাগুলো বলা ভুল হয়েছে। কাউকে কষ্ট দেওয়া তাঁর উদ্দেশ্য ছিল না।
ঘটনার শুরু গত রোববারের লা লিগা ম্যাচে। ভ্যালেন্সিয়ার মাঠে বার্সেলোনার ৫–০ গোলে জয়ের দিন প্রথমবার ক্লাবটির হয়ে কোনো আনুষ্ঠানিক ম্যাচে শুরুর একাদশে খেলেন রদ্রি। ৬২ মিনিটে তাঁকে তুলে মার্ক বার্নালকে নামান কোচ হান্সি ফ্লিক। তখনই স্বাগতিক দর্শকদের অভিবাদন পান স্প্যানিশ এই ফুটবলার।
আরও পড়ুন
এরপর বেঞ্চে বসে পাউ কুবারসি ও এরিক গার্সিয়ার সঙ্গে কথা বলছিলেন রদ্রি। মুভিস্টার প্লাসের ‘এল দিয়া দেসপুয়েস’ অনুষ্ঠানের ক্যামেরায় ধরা পড়ে সেই কথোপকথন। ভ্যালেন্সিয়ার ফুটবলারদের প্রসঙ্গে তাকে বলতে শোনা যায়, ‘ওরা খুবই দুর্বল। খুবই বাজে। ভীষণ বাজে।’
ভ্যালেন্সিয়া আগের মৌসুমে লিগে কত নম্বরে শেষ করেছিল, সেটিও সতীর্থের কাছে জানতে চান রদ্রি। কথোপকথনের সময় তার অভিব্যক্তিতেও ছিল বিস্ময়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ভ্যালেন্সিয়ার খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ তৈরি হয়। সেই ঘটনার পরই গায়ার সঙ্গে যোগাযোগ করেন রদ্রি।
প্রথম সমাচার.
