মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭ হয়েছে
মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার বলি হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। সম্প্রতি দেশটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত এবং আরও সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
হতাহতরা হলেন
নিহত (২) জনের মধ্যে সালেহ আহমেদ সিলেটের বড়লেখা উপজেলার বাসিন্দা। তিনি সংযুক্ত আরব আমিরাতের আজমানে আকাশ থেকে পড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে প্রাণ হারান। অন্যজন মোহাম্মদ তারেক চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি বাহরাইনে অবস্থানকালে হামলার শিকার হন।
আহত (৭ জন) হলেন— কুয়েতে ড্রোন হামলায় আহত হয়েছেন ৪ জন এবং ৩ জন বাহরাইনের গতকালের একই ঘটনায় আহত। কুয়েতে আহত ৪ হলেন: আমিনুল ইসলাম (নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া), রাবিউল ইসলাম (সাথিয়া, পাবনা), মাসুদুর রহমান (বেগমগঞ্জ, নোয়াখালী), দুলাল মিয়া (চান্দিনা, কুমিল্লা)
বর্তমান পরিস্থিতিতে সরকার বলছে— আহত চার বাংলাদেশি বর্তমানে কুয়েতে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস নিয়মিত তাদের খোঁজখবর রাখছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রায় ৬০ লাখ বাংলাদেশির নিরাপত্তা রক্ষা করা সরকারের প্রধান অগ্রাধিকার। উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর বাংলাদেশ দূতাবাসগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
