এই বিবর্তনের ইতিহাস নিয়ে পশ্চিমা গবেষকেরাও কাজ করেছেন। প্রাচ্যবিদ জর্জ মাকদিসি তাঁর বিখ্যাত গ্রন্থে দেখিয়েছেন, ইসলামি বিশ্বের মাদ্রাসা, ওয়াকফ ও সনদ দেওয়ার রীতি কীভাবে মধ্যযুগের শিক্ষাব্যবস্থায় বিশেষ ভূমিকা রেখেছে।
ইউরোপের কলেজ-ব্যবস্থার সঙ্গে এর কতটা সরাসরি যোগ আছে, তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে এখনো বিতর্ক রয়েছে। তবে ওয়াকফের অর্থে চলা আবাসিক ও বৃত্তিনির্ভর প্রতিষ্ঠানের ধারণা যে ইসলামি সভ্যতায় বেশ আগেই পূর্ণ রূপ পেয়েছিল, সে বিষয়ে তাঁর পর্যবেক্ষণ আজও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। (জর্জ মাকদিসি, দ্য রাইজ অব কলেজেস: ইনস্টিটিউশনস অব লার্নিং ইন ইসলাম অ্যান্ড দ্য ওয়েস্ট, এডিনবরা ইউনিভার্সিটি প্রেস, ১৯৮১)
প্রতিষ্ঠানের ৭৮টি আবাসিক কক্ষের প্রতিটিতে চারজন করে শিক্ষার্থী থাকার ব্যবস্থা ছিল। শিক্ষার্থীদের পড়াশোনা, থাকা-খাওয়া ও পোশাকের সম্পূর্ণ খরচ বহন করত কর্তৃপক্ষ; পাশাপাশি হাতখরচ হিসেবে প্রত্যেককে মাসে দুটি স্বর্ণমুদ্রা (দিনার), তাজা ফলমূল, মিষ্টান্ন, সাবান ও তেল দেওয়া হতো।
শ্রেণি নয়, বিষয়ভিত্তিক বিশেষায়ণ
আধুনিক শিক্ষাব্যবস্থায় যেমন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তর রয়েছে, ইসলামি সভ্যতায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল বিষয়ভিত্তিক বিশেষায়ণের ওপর ভিত্তি করে।
ফিকহ বা আইনশাস্ত্রের মাদ্রাসা: সামাজিক জীবনের প্রতিটি ক্ষেত্রের সাথে আইন ও বিচারব্যবস্থার সম্পর্ক থাকায় এই প্রতিষ্ঠানগুলোই ছিল সবচেয়ে বেশি জনপ্রিয়। এর মধ্যে কোনোটি ছিল একক মাজহাবভিত্তিক—যেমন বাগদাদের ইমাম আবু হানিফা মাদ্রাসা।
কোনোটি ছিল দুটি মাজহাবের সমন্বয়ে—যেমন মদিনার শিহাবিয়্যাহ মাদ্রাসা (শাফিয়ি ও হাম্বলি)। আবার দামেস্কের ফাখরিয়্যাহ মাদ্রাসায় তিনটি মাজহাব (হানাফি, মালিকি ও হাম্বলি) এবং বাগদাদের মুসতানসিরিয়াহ মাদ্রাসায় চারটি মাজহাবই একসাথে পড়ানো হতো। (নাজি মারুফ, নাশআতুল মাদারিসিল মুসতাকিল্লাহ ফিল ইসলাম, পৃষ্ঠা: ১০–১৩, মাকতাবাতুল আজহার, বাগদাদ, ১৯৬৬)
দারুল কোরআন ও দারুল হাদিস: পবিত্র কোরআনের বিশুদ্ধ পাঠ ও তাফসিরের জন্য দামেস্কের ‘দারুর রাশাইয়্যাহ’র মতো স্বতন্ত্র প্রতিষ্ঠান গড়ে উঠেছিল।
অন্যদিকে হাদিসশাস্ত্রের উচ্চতর গবেষণার জন্য সুলতান নুরউদ্দিন জেনগি আনুমানিক ১১৭০ সালের দিকে দামেস্কে, খ্যাতিমান হাদিসবিদ ও ঐতিহাসিক ইবনে আসাকিরের জন্য, সর্বপ্রথম ‘দারুল হাদিস’ প্রতিষ্ঠা করেন। (টেরি অ্যালেন, আয়ুবিড আর্কিটেকচার, সলিপসিস প্রেস, ২০০৩)
পরবর্তী সময়ে কায়রোতে সুলতান আল-কামিল গড়ে তোলেন ‘আল-মাদ্রাসাতুল কামিলিয়্যাহ’। (নাজি মারুফ, নাশআতুল মাদারিসিল মুসতাকিল্লাহ ফিল ইসলাম, পৃষ্ঠা: ১৪–১৫, মাকতাবাতুল আজহার, বাগদাদ, ১৯৬৬)
চিকিৎসাবিজ্ঞানের শিক্ষালয়: চিকিৎসাবিদ্যা শুরুতে মসজিদে পড়ানো হলেও পরে তা ‘বিমারিস্তান’ বা আধুনিক হাসপাতালে স্থানান্তরিত হয়। উমাইয়া খলিফা আল-ওয়ালিদ ইবনে আবদুল মালিক ৮৮ হিজরিতে (আনুমানিক ৭০৬–০৭ খ্রিষ্টাব্দ) প্রথম হাসপাতাল নির্মাণ করেন।
পরবর্তী সময়ে হাসপাতালের পাশেই গড়ে ওঠে মেডিকেল কলেজ, যাতে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি রোগীদের সরাসরি সেবা দিয়ে হাতে-কলমে শিখতে পারেন।
কায়রোর সুলতান মানসুর কালাউন (১২৮৪–৮৫ খ্রিষ্টাব্দে, মাত্র ১৩ মাসে) এমন এক বিশাল হাসপাতাল ও মাদ্রাসা কমপ্লেক্স নির্মাণ করেছিলেন, যেখানে চিকিৎসাবিজ্ঞানের পাশাপাশি কোরআন, হাদিস ও ফিকহ পড়ানো হতো।
ওয়াকফের দলিল অনুযায়ী, সেখানে রোগী ও দরিদ্র মানুষ ওষুধ, আশ্রয়, খাবার ও পোশাকসহ বিনা মূল্যে সেবা পেতেন; একই চত্বরে চলত চিকিৎসা শিক্ষা ও গবেষণা।
ঐতিহাসিক আল-মাকরিজির বর্ণনায়, দামেস্কে নুরউদ্দিনের হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার পর কালাউন এমন একটি প্রতিষ্ঠান গড়ার প্রতিজ্ঞা করেছিলেন। যার প্রশংসায় প্রখ্যাত কবি ইমাম বুসিরি লিখেছিলেন, “আপনি একই সাথে মাদ্রাসা ও হাসপাতাল নির্মাণ করেছেন, যেন মানুষের দ্বীন এবং দেহ—উভয়েরই আরোগ্য নিশ্চিত হয়।”
এমনকি আইন ও বিচারকাজে ফরেনসিক ও শারীরিক জখমের বিষয়গুলো বোঝার জন্য আল-আজহারের মতো মসজিদেও প্রতিদিন দুপুরে চিকিৎসাবিজ্ঞানের প্রাথমিক পাঠ দেওয়া হতো (আসআদ তালাস, আত-তারবিয়্যাহ ওয়াত-তালিম ফিল ইসলাম, পৃষ্ঠা: ১০৩)
মুসতানসিরিয়াহ: বিস্ময়কর একাডেমিক মডেল
মধ্যযুগের এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মান কতটা উন্নত ছিল, তা বুঝতে হলে আব্বাসীয় খলিফা আল-মুসতানসির বিল্লাহ কর্তৃক প্রায় ছয় বছর ধরে নির্মিত হয়ে ৬৩১ হিজরিতে (১২৩৩ খ্রিষ্টাব্দে) চালু হওয়া বাগদাদের ‘আল-মাদ্রাসাতুল মুসতানসিরিয়াহ’র দিকে তাকালেই যথেষ্ট।
এটি ছিল একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়, যার সাথে সংযুক্ত ছিল কোরআন, হাদিস ও চিকিৎসাবিজ্ঞানের স্বতন্ত্র বিভাগ। দজলা নদীর তীরের এই ভবনে চার মাজহাবের জন্য আলাদা আলাদা কোণ নির্ধারিত ছিল।
অনেক গবেষকের মতে, এক প্রতিষ্ঠানের ছাদের নিচে চার মাজহাব পড়ানোর ঘটনা এটিই প্রথম; কায়রোর সালিহিয়্যাহ মাদ্রাসা প্রায় এক দশক পরে এই আদর্শে গড়ে ওঠে।
এই প্রতিষ্ঠানের ৭৮টি আবাসিক কক্ষের প্রতিটিতে চারজন করে শিক্ষার্থী থাকার ব্যবস্থা ছিল। শিক্ষার্থীদের পড়াশোনা, থাকা-খাওয়া ও পোশাকের সম্পূর্ণ খরচ বহন করত কর্তৃপক্ষ; পাশাপাশি হাতখরচ হিসেবে প্রত্যেককে মাসে দুটি স্বর্ণমুদ্রা (দিনার), তাজা ফলমূল, মিষ্টান্ন, সাবান ও তেল দেওয়া হতো।
প্রতিষ্ঠানের বিশাল চত্বরে ছিল একটি বিস্ময়কর জ্যোতির্বৈজ্ঞানিক জলঘড়ি।
চার মাজহাবের জন্য সেখানে চারজন শীর্ষ অধ্যাপক নিযুক্ত ছিলেন, যাঁদের স্বয়ং খলিফা যাচাই-বাছাই করে নিয়োগ দিতেন। অধ্যাপকেরা মাসে ১২ দিনার বেতন ও খাদ্যসামগ্রী পেতেন এবং তাঁদের জন্য অবসরের কোনো বাধ্যবাধকতা ছিল না—শারীরিকভাবে সক্ষম থাকা পর্যন্ত তাঁরা পাঠদান করতে পারতেন।
ক্লাসে অধ্যাপক কালো পোশাক পরে খেজুরপাতার তৈরি বিশেষ আসনে বসতেন এবং তাঁর ডানে ও বাঁয়ে দাঁড়িয়ে থাকতেন চারজন সহকারী শিক্ষক বা ‘মুইদ’, যাঁরা শিক্ষার্থীদের পড়া বুঝিয়ে দিতে সাহায্য করতেন।
উদ্বোধনের সময় এই বিশ্ববিদ্যালয়ে ২৪৮ জন আবাসিক শিক্ষার্থী এবং ২০ জন শিক্ষক ও সহকারী ছিলেন—অর্থাৎ প্রতি ১২ জন শিক্ষার্থীর জন্য ছিলেন একজন শিক্ষক! আজকের অনেক বিশ্ববিদ্যালয়ও এমন অনুপাত স্বপ্নে দেখে।
শিক্ষার্থীদের গবেষণার জন্য সেখানে ছিল ৮০ হাজার দুর্লভ বইয়ের এক সুবিশাল গ্রন্থাগার এবং আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ একটি হাসপাতাল। (হুদা নাজি উবায়েদ সাবাহ, আল-মাদারিসুল ইলমিয়্যাতুত তুরাসিয়্যাহ ফি বাগদাদ, মাজাল্লাতুল মাওরিদ, ৪৪/৩–৪, দারুশ শুউনিস সাকাফিয়্যাহ, বাগদাদ, ২০১৭)
এই বিদ্যাপীঠের ইতিহাস অবশ্য শুধু গৌরবের নয়। ১২৫৮ সালে মোঙ্গল আক্রমণে বাগদাদ বিধ্বস্ত হলে মাদ্রাসাও ক্ষতিগ্রস্ত হয়, তবে পরে তা মেরামত করা হয়। চতুর্দশ শতকের শেষ দিকে তৈমুরের আক্রমণে পাঠদান বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর ১৫৮৯ সালে ক্লাস আবার শুরু হলেও ১৬৩৮ সালে তা চিরতরে থেমে যায়।
পরে ভবনটি সরাইখানাসহ নানা কাজে ব্যবহৃত হয়েছে। ১৯৬০ সালে ইরাক সরকার সংস্কার করে একে জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনা হিসেবে খুলে দেয়। আব্বাসীয় বাগদাদের হাতে-গোনা যেসব নিদর্শন আজও টিকে আছে, এটি তার একটি। (আর্কনেট ডিজিটাল লাইব্রেরি, ‘মাদ্রাসা আল-মুসতানসিরিয়াহ’ ভুক্তি)।
কায়রো থেকে ইস্তাম্বুল, গৌড় পর্যন্ত
মুসতানসিরিয়াহ কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। একই ভাবনা পরের শতকগুলোতে নতুন নতুন রূপে ছড়িয়ে পড়ে। আইয়ুবি ও মামলুক আমলে কায়রো আর দামেস্কে সুলতান ও আমিরেরা একের পর এক মাদ্রাসা, দারুল হাদিস ও হাসপাতাল গড়েন।
কালাউনের কমপ্লেক্সে একই ওয়াকফের আয়ে চলত শিক্ষা, চিকিৎসা ও দানের কাজ, যার কথা আগে এসেছে।
ষোড়শ শতকে অটোমান সাম্রাজ্যে এই ধারা আরও বড় আকার নেয়। সুলতান সুলেইমানের নির্দেশে স্থপতি সিনান ১৫৫০ থেকে ১৫৫৭ সালের মধ্যে ইস্তাম্বুলে গড়ে তোলেন সুলেইমানিয়ে কমপ্লেক্স।
মসজিদকে ঘিরে ছিল চারটি মাদ্রাসা, হাদিস শিক্ষার প্রতিষ্ঠান, একটি চিকিৎসা মাদ্রাসা, হাসপাতাল, প্রাথমিক বিদ্যালয় ও গরিবের জন্য লঙ্গরখানা; এসবের খরচ চলত ওয়াকফের আয়ে। (গুলরু নেজিপোগলু, ‘দ্য সুলেইমানিয়ে কমপ্লেক্স ইন ইস্তাম্বুল: অ্যান ইন্টারপ্রিটেশন’, মুকারনাস, খণ্ড: ৩, ব্রিল, ১৯৮৫)
এর চিকিৎসা মাদ্রাসা প্রায় তিন শতক ধরে অটোমান চিকিৎসক তৈরি করেছে।
এই ধারার ঢেউ বাংলায়ও এসে পৌঁছেছিল। প্রাচীন গৌড়-লখনৌতির দক্ষিণ উপকণ্ঠে, বর্তমান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৪৭৯ সালে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের আমলে নির্মিত হয় দারসবাড়ি মসজিদ।
‘দারস’ মানে পাঠ; নামেই বোঝা যায়, এটি ছিল পাঠের বাড়ি। মসজিদের পূর্ব দিকে একটি বড় দিঘির ওপারে ছিল মাদ্রাসা, দুইয়ে মিলে এক শিক্ষাপ্রাঙ্গণ। আজ সেটি ধ্বংসাবশেষ। তবু মসজিদ ও মাদ্রাসা একই চত্বরে জ্ঞানচর্চার কেন্দ্র গড়ার যে ঐতিহ্য, বাংলার মাটিতেও তার সাক্ষী হয়ে আছে দারসবাড়ি। (বাংলাপিডিয়া, ‘দারসবাড়ি মসজিদ’ ভুক্তি, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ)।
শেষ কথা
ইসলামি সভ্যতার এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দেখায়, জ্ঞানচর্চা শুধু ব্যক্তির উদ্যোগে টিকে থাকে না; তার জন্য চাই রাষ্ট্র ও সমাজের যৌথ উদ্যোগ। আধ্যাত্মিকতা, যুক্তি ও বিজ্ঞানের মেলবন্ধনে গড়া এই বিদ্যাপীঠগুলো বহু মেধাবীর সামনে শেখার দরজা খুলে দিয়েছিল।
ওয়াকফের মতো দানশীলতার সংস্কৃতি, শিক্ষকদের মর্যাদা ও নিরাপত্তা, মেধাবী শিক্ষার্থীর জন্য বৃত্তি এবং তত্ত্বের সঙ্গে হাতে-কলমে শেখার যোগ—এই চার ধারণা আজকের দিনেও আমাদের নতুন করে ভাবতে শেখায়।
এসব প্রতিষ্ঠানে আসন ছিল সীমিত, ভর্তি হতেন বাছাই করা শিক্ষার্থীরা। অনেক প্রতিষ্ঠান শাসকদের রাজনৈতিক প্রয়োজনের সঙ্গেও জড়িয়ে ছিল। যুদ্ধ আর আক্রমণে, বিশেষ করে ১২৫৮ সালে বাগদাদের পতনে, অনেক কিছুই হারিয়ে গেছে।
কালের পরিক্রমায় এসব প্রতিষ্ঠানের অনেকই হারিয়ে গেছে, কিন্তু যে স্বপ্ন তাদের জন্ম দিয়েছিল, তা আজও ফুরিয়ে যায়নি: জ্ঞান হোক সবার জন্য, আর শেখার সুযোগ হোক সম্মানের সঙ্গে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর
ডামুড্যায় ইসলামিক বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৪২৫ শিক্ষার্থী
সাভারে বাসে আগুন, বিদ্যালয়ের সামনে ব্যাগে বোমা