রাজধানীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ঢাকা মহানগর উত্তর শাখায় নতুন করে তিন শতাধিক নেতাকর্মী যোগদান করেছেন।
শুক্রবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই যোগদান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক ও দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
এসময় আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব শাহরীন ইরা, যুগ্ম মুখ্য সমন্বয়ক রাফিদ এম ভুইয়া এবং কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের পরিবর্তন ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে এনসিপি কাজ করে যাচ্ছে এবং নতুন নেতাকর্মীদের সম্পৃক্ততা এই আন্দোলনকে আরও বেগবান করবে।
এসময় রাফিদ এম ভুইয়া জানান, উত্তরার প্রায় একশজন পোশাকশ্রমিকও অচিরেই এনসিপিতে যোগ দেবেন। তারা দলের শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তি-এর সঙ্গে কাজ করবেন।
দলের নেতারা আশা প্রকাশ করেন, নতুন সদস্যদের সক্রিয় অংশগ্রহণে মহানগর উত্তর এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
