গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা একটি গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপনে মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সংক্রান্ত নতুন নীতিমালা প্রকাশ করা হয়েছে।
গত ২ জুন ২০২৬ তারিখে জারি করা এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের সুষম বদলি ব্যবস্থা নিশ্চিত করতে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে এই নীতিমালা বাস্তবায়ন করা হবে।
‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬‘ শীর্ষক এই নীতিমালা জারির তারিখ থেকেই কার্যকর বলে বিবেচিত হবে এবং এটি কেবল বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
নীতিমালায় বদলির সাধারণ শর্ত হিসেবে বেশ কয়েকটি বিষয় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে — মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদের চাহিদা ও বিবরণ সরকার কর্তৃক নির্ধারিত সময়ে অনলাইনে প্রকাশ করবে এবং সেই শূন্য পদের বিপরীতে বদলির আবেদন আহ্বান করা হবে।
প্রতি বছর সরকার কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণ, বদলির আদেশ জারি ও নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন করতে হবে।
এছাড়া, আবেদনকারী শিক্ষক নিজ জেলাসহ প্রয়োজনে পারিবারিক সুবিধার্থে যেকোনো জেলায় বদলির আবেদন করতে পারবেন। তবে একজন শিক্ষক কেবল সমমান বা সমতরের মাদ্রাসায় একই পদে বদলির আবেদন করতে পারবেন।
প্রথমবার যোগদানের পর দুই বছর পূর্ণ হলেই কেবল বদলির আবেদন করা যাবে এবং একজন শিক্ষক তাঁর কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের মাদ্রাসা শাখা-১ থেকে জারি করা এই প্রজ্ঞাপনটি বাংলাদেশ সচিবালয়, ঢাকা থেকে প্রকাশিত হয়েছে।
