হাবিবের স্ত্রী তাসলিমা বেগম মানববন্ধনে স্বামী হত্যার বিচার দাবি করেন। তিন সন্তান নিয়ে বাবার বাড়িতে মানবেতর জীবন যাপন করছেন বলে জানান তিনি।
তাসলিমা বেগম বলেন, ‘মুক্তিপণের ১০ লাখ টাকা দিতে না পারায় আমার স্বামীরে মুরাদ মাইর্যা ফেলছে। আমার স্বামীর ১ শতাংশ জায়গা ছিল, সেই জমিও বিক্রি করে দিয়েছি। বর্তমানে তিন সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকতেছি। আমার স্বামী হত্যার বিচার চাই।’
মানববন্ধনে নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা জানান, নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মোস্তফা মাতুব্বরের ছেলে আল-আমিন মাতুব্বর (২২), নাড়ুহাটি গ্রামের শাওন মাতুব্বর (২০) ও ফুলসূতি গ্রামের সোবহান মোল্যার ছেলে মাফুজ (২০) সাড়ে তিন বছর ধরে নিখোঁজ। তাঁদের কাছ থেকে যথাক্রমে ১৯ লাখ, ১৫ লাখ ও ২০ লাখ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগীদের দাবি, চক্রটির মূল হোতা নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মোহাম্মদ ব্যাপারীর ছেলে মুরাদ ব্যাপারী (৪০)। তাঁর সহযোগী হিসেবে কাজ করেন স্ত্রী তানিয়া আক্তার (৩৫), নগরকান্দা উপজেলার ফুলসূতি গ্রামের বকুল মাতুব্বর (৫০), ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের বাড়ৈইহাট গ্রামের আনোয়ার শেখ (৩৮) ও মনির মাতুব্বর (৩৪) এবং আসলাম ও শাহিন নামের আরও দুজন।
ভুক্তভোগীদের অভিযোগ, পাচার ও বন্দী নির্যাতনের মাধ্যমে টাকা নিয়ে মুরাদ ব্যাপারী গ্রামের বাড়িতে বিলাসবহুল বাড়ি করেছেন। বাড়িটি গোপনে বিক্রি করে দেশ ছাড়ার চেষ্টা করছেন বলেও দাবি করেন তাঁরা। মুরাদ ও তাঁর সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান মানববন্ধনকারীরা।
পরিবারগুলোর অভিযোগ, নিখোঁজের ঘটনায় মামলা করা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। উল্টো তাঁদের নামে মিথ্যা মামলা ও হুমকি দেওয়া হচ্ছে।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল আজম গণমাধ্যমকে জানান, বিষয়টি নিয়ে আমাদের কাছে ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া কেউ মামলা করে থাকলে সেই মামলার খোঁজ নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগ, ৮ জনের নামে মামলা