মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ২৮টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছেন বাংলাদেশের হাফেজ ইব্রাহীম শেখ। বাংলাদেশি ইয়ুথ কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে মালয়েশিয়ার হাফেজ নূরুল আবছার এবং থাইল্যান্ডের হাফেজ সায়েদুর রহমান।
বিজয়ী ইব্রাহীম শেখ আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী পরিচালিত মাদরাসা উম্মুল কুরার একজন কৃতি ছাত্র।
কুয়ালালামপুরে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার দাতো ডা. হাসনিজাল হাসান।
ইয়ুথ কমিউনিটির সভাপতি মোহাম্মদ রাজু মিয়ার সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশনের লেবার মিনিস্টার সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে কৃতি হাফেজদের পাশাপাশি যমুনা টেলিভিশনের মালয়েশিয়া প্রতিনিধি মো. মনিরুজ্জামানকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
