ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা গণমাধ্যমের বিরুদ্ধে ‘মিডিয়া সন্ত্রাস’ চালানোর অভিযোগ তুলেছেন। এক সামাজিক মাধ্যম পোস্টে তিনি দাবি করেন, তার বক্তব্য আংশিকভাবে প্রচার করে ভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
তিনি জানান, সম্প্রতি অনুষ্ঠিত একটি সিন্ডিকেট সভায় ডাকসুর কার্যক্রম বাধাগ্রস্ত হওয়া নিয়ে তিনি কথা বলেছেন। তার অভিযোগ, বিভিন্ন প্রশাসনিক দপ্তরে কাজ আটকে রাখা হচ্ছে, যার ফলে শিক্ষার্থীদের সেবা প্রদান ব্যাহত হচ্ছে।
সর্বমিত্র চাকমা বলেন, ডাকসু নেতারা কোনো পারিশ্রমিক ছাড়াই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছেন, কিন্তু প্রশাসনিক জটিলতা ও বাধার কারণে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আন্দোলনে নামতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সিন্ডিকেট সভায় দেওয়া নিজের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, “শিক্ষার্থীদের অধিকার আদায়ে যদি ‘মব’ করতে হয়, তাহলে আমরা রাজি।” তবে তার দাবি, গণমাধ্যমে পুরো বক্তব্যের প্রেক্ষাপট উপেক্ষা করে কেবল এই অংশটিই প্রচার করা হয়েছে।
বিশেষভাবে একাত্তর টিভির সমালোচনা করে তিনি বলেন, “হাজারটা কথা বলেছি, কিন্তু তারা শুধু একটি লাইন প্রচার করেছে, যাতে ডাকসু নেতাদের ‘মববাজ’ হিসেবে দেখানো যায়।”
পোস্টে তিনি আরও অভিযোগ করেন, আদর্শিক দ্বন্দ্বের কারণে ডাকসুকে ব্যর্থ করার চেষ্টা চলছে এবং এর ফলে বিপুলসংখ্যক শিক্ষার্থী ভোগান্তির শিকার হচ্ছে।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট গণমাধ্যম বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
