মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান মুজিব (২৬) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১২ জুন) বিকেল ৫টার পর সীমান্তবর্তী মনু নদীর চর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের দাবি, ভারতের তারবেড়া সীমান্তসংলগ্ন এলাকায় গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মুজিবুর রহমান কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকার বাসিন্দা এবং আজিজুর রহমান অজিবের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. হারুন মিয়া জানান, গুলিবিদ্ধ হওয়ার পর ঘটনাস্থলেই যুবকটির মৃত্যু হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার মরদেহ সীমান্তবর্তী চর এলাকাতেই পড়ে ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস। তিনি জানান, বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের চেষ্টা করছে।
এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এ বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগে গত ৮ মে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে মোরছালিন ও নবীর হোসেন নামে দুই বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনা ঘটে।
