সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের সুযোগ দিলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

প্রথম সমাচার ডেস্ক ১৬ মে ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ না দিতে বাহরাইনকে সতর্ক করেছে ইরান। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য মানুচেহের মোত্তাকি বলেছেন, ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হলে বাহরাইনকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।

বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করেন, বাহরাইন যদি আবারও মার্কিন বাহিনীকে তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়, তাহলে ইরান কঠোর প্রতিক্রিয়া জানাবে। এমনকি তিনি বলেন, ইরানের জবাব এতটাই কঠোর হবে যে “বাহরাইনের মানুষ নিজেদের দেশের নামও ভুলে যাবে।”

মানুচেহের মোত্তাকি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক তৎপরতার পরও বাহরাইন পরিস্থিতি আরও উসকে দেওয়ার ভূমিকা পালন করেছে। তার দাবি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনার পর বাহরাইন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তেহরানের বিরুদ্ধে একটি প্রস্তাবকে সমর্থন জানিয়েছিল।

তিনি আরও বলেন, গত মাসে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের বৈঠকেও বাহরাইন ইরানবিরোধী একটি প্রস্তাব উত্থাপনের চেষ্টা করে। তবে কয়েকটি দেশের কূটনৈতিক সহযোগিতায় সেই উদ্যোগ ব্যর্থ হয় বলে দাবি করেন তিনি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের প্রধান ঘাঁটি থাকায় দেশটি দীর্ঘদিন ধরেই আঞ্চলিক ভূরাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে।

গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর তেহরান বাহরাইনের কয়েকটি স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করে। সে সময় ড্রোন হামলায় কয়েকটি হোটেল ক্ষতিগ্রস্ত হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...