বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
আসিফ নজরুলের দুর্নীতির অভিযোগ

যুক্তরাষ্ট্রে বাড়ি কেনা ও দুর্নীতির অভিযোগ ‘গুজব’—আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক ০৪ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

সাবেক আইন উপদেষ্টা ও অধ্যাপক আসিফ নজরুল তার বিরুদ্ধে ছড়িয়ে পড়া যুক্তরাষ্ট্রে বাড়ি কেনা ও দুর্নীতির অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দেন।

পোস্টে আসিফ নজরুল উল্লেখ করেন, প্রায় এক বছর আগে ইউটিউবভিত্তিক একটি চ্যানেলে তার নামে ‘আমেরিকায় বাড়ি কেনা’, ‘পরিবারসহ সেখানে চলে যাওয়া’ এবং ‘শিগগির দেশত্যাগ’—এমন একটি খবর প্রচার করা হয়। তিনি দাবি করেন, খবরটি সম্পূর্ণ মনগড়া হলেও তা বিপুলসংখ্যক মানুষ দেখেন এবং কেউ কেউ সেটিকে সত্য বলে বিশ্বাস করতে শুরু করেন।

তিনি আরও জানান, পরবর্তীতে সাংবাদিক খালেদ মুহিউদ্দিন-এর এক অনুষ্ঠানে বিষয়টি আলোচনায় আসে। সেখানে তিনি প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন—যুক্তরাষ্ট্রে তার কোনো বাড়ি বা সম্পত্তি থাকলে তার সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে। তার ভাষ্য অনুযায়ী, আট মাস পেরিয়ে গেলেও এমন কোনো দলিল, ঠিকানা বা প্রামাণ্য তথ্য কেউ উপস্থাপন করতে পারেননি।

আসিফ নজরুল তার পোস্টে স্পষ্ট করে বলেন, “আমেরিকা কেন, বাংলাদেশের বাইরে পৃথিবীর কোনো দেশেই আমার কোনো বাড়ি বা সম্পত্তি নেই।”

সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের পর তার ও কয়েকজন সহকর্মীর বিরুদ্ধে নতুন করে দুর্নীতির অভিযোগ বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়াতে শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন। তার দাবি, প্রথমে অপ্রচলিত অনলাইন প্ল্যাটফর্মে এসব তথ্য প্রকাশিত হয়, পরে তা বিভিন্ন মাধ্যমে কপি-পেস্ট হয়ে ছড়িয়ে পড়ে।

দুর্নীতির অভিযোগের বিষয়ে তিনি তিনটি পয়েন্টে নিজের অবস্থান তুলে ধরেন—

প্রথমত, তিনি দাবি করেন, দায়িত্বে থাকা অবস্থায় বা এর আগে-পরে জীবনের কোনো পর্যায়েই তিনি এক টাকাও দুর্নীতি করেননি। কোনো নতুন ব্যাংক হিসাব বা অপ্রদর্শিত সম্পদ তার নেই বলেও জানান।

দ্বিতীয়ত, স্বজনপ্রীতির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, দায়িত্ব পালনের সময় পরিবার বা আত্মীয়স্বজনকে কোনো ধরনের অনৈতিক সুবিধা দেওয়া হয়নি। নিয়োগ প্রক্রিয়ায়ও আত্মীয়দের প্রাধান্য দেওয়া হয়নি বলে তার বক্তব্য।

তৃতীয়ত, তিনি বলেন, দায়িত্বে থাকাকালে ব্যক্তিগত এলাকা বা গ্রামকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করেননি। তবে নিয়ম মেনে কিছু প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে সহায়তা করা হয়েছে।

পোস্টের শেষাংশে আসিফ নজরুল অভিযোগকারীদের সঙ্গে প্রকাশ্য বিতর্কে না জড়ানোর কথা জানিয়ে বলেন, “দিনশেষে সত্যই টিকে থাকবে।” তিনি আল্লাহর ওপর ভরসা রাখার কথাও উল্লেখ করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...