শনিবার, ১৩ জুন ২০২৬
Logo
×

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে উদ্বেগে ইসরাইল

প্রথম সমাচার ডেস্ক ১৪ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে ইসরাইলের রাজনৈতিক ও নিরাপত্তা মহলে উদ্বেগ বাড়ছে। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম হারেৎজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সমঝোতা বাস্তবায়িত হলে তেহরানের ওপর ওয়াশিংটনের কূটনৈতিক ও কৌশলগত চাপ কমে যেতে পারে।

মিডল ইস্ট আইয়ের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য চুক্তি নিয়ে ইসরাইলের অন্যতম প্রধান উদ্বেগ হলো—ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অপসারণ বা তা উল্লেখযোগ্যভাবে সীমিত করার বিষয়টি চূড়ান্ত সমঝোতায় কতটা নিশ্চিত করা হবে, সে বিষয়ে এখনো স্পষ্টতা নেই।

হারেৎজকে দেওয়া এক ইসরাইলি সূত্রের বক্তব্য অনুযায়ী, পুরো আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ইসরাইলের প্রভাব তুলনামূলকভাবে সীমিত ছিল। ফলে সম্ভাব্য চুক্তির শর্ত নির্ধারণে তেল আবিবের প্রত্যাশিত ভূমিকা নিশ্চিত হয়নি বলে ধারণা করা হচ্ছে।

সূত্রটি আরও জানায়, সম্ভাব্য চূড়ান্ত চুক্তি ইসরাইলের কৌশলগত নিরাপত্তা স্বার্থ কতটা রক্ষা করবে, তা এখনও অনিশ্চিত। বিশেষ করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে তেহরানের সম্পর্কের বিষয়ে কী ধরনের বিধিনিষেধ থাকবে, তা নিয়ে উদ্বেগ রয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার সম্ভাবনা যতই জোরালো হোক না কেন, আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্যের প্রশ্নে ইসরাইলের উদ্বেগ আপাতত কাটছে না।

সূত্র: মিডল ইস্ট আই ও হারেৎজ

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...