বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১২

প্রথম সমাচার ডেস্ক ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ফের দেশটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। ২০২৪ সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। যদিও এই চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল অন্তত ১০ বার হাজার হামলা চালিয়েছে।

লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাতে আলজাজিরা জানায়, শুক্রবার দেশটির পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় বিমান হামলায় প্রথমে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া যায় ও ২৫ জনের বেশি আহত হন। পরে রিয়াক শহরের একটি ভবনে হামলার ঘটনায় মৃতের সংখ্যা ১০ জনের বেশি ও আহত অন্তত ৩০ জনে দাঁড়িয়েছে বলে তথ্য জানায় সংস্থাটি। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তূপে এখনও উদ্ধার অভিযান চলছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা বালবেক এলাকায় ‘হিজবুল্লাহর কমান্ড সেন্টার’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে বার্তা সংস্থা এএফপিকে হিজবুল্লাহর একটি সূত্র জানায়, নিহতদের মধ্যে সংগঠনটির এক সামরিক নেতা রয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সাইদা শহরের উপকণ্ঠে অবস্থিত দেশের সবচেয়ে বড় ফিলিস্তিনি শরণার্থী শিবির আইন এল-হিলওয়েতে পৃথক হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন।

এনএনএ জানায়, একটি ইসরায়েলি ড্রোন শরণার্থী শিবিরের হিত্তিন এলাকায় হামলা চালায়।

যুদ্ধবিরতি বারবার লঙ্ঘনের জবাবে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা হামাসের একটি কমান্ড সেন্টারে আঘাত হেনেছে। তবে হামাস এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, এতে বেসামরিক লোকজন হতাহত হয়েছেন।

এনএনএ আরও জানায়, যে ভবনে হামলা হয়েছে সেটি আগে শরণার্থী শিবিরের যৌথ ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী ব্যবহার করত। বর্তমানে সেটি ভাড়া নিয়ে খাদ্য সহায়তা বিতরণের রান্নাঘর হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

গত বছরের নভেম্বরে একই শিবিরে বড় ধরনের অভিযানে ১৩ জন নিহত হন, যাদের মধ্যে ১১ জন শিশু ছিল বলে জানিয়েছিল জাতিসংঘের মানবাধিকার দপ্তর। তখনও ইসরায়েল হামাসকে লক্ষ্যবস্তু করার দাবি করেছিল, যা হামাস ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করে।

যুদ্ধবিরতির পরও ১০ হাজারের বেশি হামলা

২০২৪ সালের নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের তথ্যমতে, যুদ্ধবিরতির পর এক বছরে ইসরায়েলি বাহিনী ১০ হাজারের বেশি বিমান ও স্থল হামলা চালিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানায়, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১০৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন; এর মধ্যে ২১ জন নারী ও ১৬ জন শিশু।

বারবার হামলার ঘটনায় লেবানন গত মাসে জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানায়, যাতে তারা হামলা বন্ধ করে এবং লেবাননের ভূখণ্ড থেকে পুরোপুরি সরে যায়।

বর্তমানে লেবাননের পাঁচটি এলাকায় ইসরায়েলি বাহিনী অবস্থান করছে বলে অভিযোগ রয়েছে। এতে সীমান্তবর্তী ধ্বংসপ্রাপ্ত গ্রামগুলোর পুনর্গঠন ব্যাহত হচ্ছে এবং বাস্তুচ্যুত হাজারো মানুষ নিজ বাড়িতে ফিরতে পারছেন না।

রোববার লেবানন জানায়, সিরিয়া সীমান্তের কাছে পূর্বাঞ্চলে আরেকটি ইসরায়েলি হামলায় চারজন নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, সেখানে তারা ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) সদস্যদের লক্ষ্য করে অভিযান চালিয়েছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...