বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বকাপ বয়কটের ঘোষণা ইরানের

প্রথম সমাচার ডেস্ক ১১ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামালি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর এমন পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়।

বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে দোনিয়ামালি বলেন, যুক্তরাষ্ট্র তাদের দেশের নেতাকে হত্যা করেছে। তাই এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্বকাপে অংশ নেওয়ার প্রশ্নই ওঠে না। তিনি বলেন, ‘এই দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থা (যুক্তরাষ্ট্র) আমাদের নেতাকে হত্যা করেছে। তাই কোনো অবস্থাতেই আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না।’

২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তবে ইরানের গ্রুপপর্বের ম্যাচগুলো নির্ধারিত হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, যার মধ্যে লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলও রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করলে অঞ্চলে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। ইরানের দাবি, সংঘাতের প্রথম ১২ দিনেই এক হাজারের বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়েছে।

এই পরিস্থিতিতে দেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথাও জানান ইরানের ক্রীড়ামন্ত্রী। তার মতে, বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার পরিবেশ নেই। এ ব্যাপারে বলেন, ‘আমাদের শিশুরা নিরাপদ নয়। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার মতো পরিবেশ নেই।’

এর আগে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজও বিশ্বকাপে দলের অংশগ্রহণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তবে তিনি সরাসরি বয়কটের কথা বলেননি।

অন্যদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান দলকে বিশ্বকাপে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। তার মতে, রাজনীতির বাইরেই বিশ্বকাপের মতো টুর্নামেন্ট হওয়া উচিত।

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব থেকে সবার আগে মূল পর্বে জায়গা নিশ্চিত করেছিল ইরান। তবে চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনা তাদের অংশগ্রহণ নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি করেছে।

সূত্র : আল জাজিরা

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...