বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×
ব্যবসায়ী হত্যা

যুবদল নেতার হাতে খুন:ফেসবুক পোস্টই কাল হলো ব্যবসায়ীর

পটুয়াখালী প্রতিনিধি ০৩ মার্চ ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

পটুয়াখালীর কলাপাড়ায় ফেসবুকে করা একটি পোস্ট ও মন্তব্যকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে মারধরের পর তার মৃত্যু হয়েছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় উত্তেজনা ও আলোচনার জন্ম দিয়েছে।

নিহত মো. ইদ্রিস (৪৫) উপজেলার দক্ষিণ দৌলতপুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। অভিযুক্ত ব্যক্তি নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

পরিবার ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে ইদ্রিস সামাজিক যোগাযোগমাধ্যমে জহিরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে পোস্ট ও মন্তব্য করেন। এ ঘটনায় উভয়ের মধ্যে বিরোধ তৈরি হয় বলে দাবি করেন স্বজনেরা।

অভিযোগ অনুযায়ী, গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় পাখিমারা বাজার থেকে ইদ্রিসকে ডেকে নিয়ে যুবদলের কার্যালয়ে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকায় নিয়ে যান এবং চিকিৎসা করান। এরপর সোমবার রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তবে অভিযুক্ত জহিরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, নিহত ব্যক্তি তার কাছে ক্ষমা চাইতে এসেছিলেন এবং তাকে বা তার কোনো সহযোগী মারধর করেননি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাটি ঘিরে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...