রক্তের সম্পর্ক নেই, নেই আত্মীয়তার বন্ধনও। তবু ১৫৭ মেয়ের জীবনের গুরুত্বপূর্ণ দিনে বাবা, বড় ভাই কিংবা অভিভাবক হয়ে পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সমাজকর্মী মামুন বিশ্বাস। অর্থের অভাবে যেসব মেয়ের বিয়ে বারবার ভেঙে গেছে, মানুষের সহযোগিতায় তাদের বিয়ের আয়োজন করে দিয়েছেন তিনি। এ কারণে স্থানীয় মানুষের কাছে তিনি পরিচিত ১৫৭ মেয়ের বাবা হিসেবে।
মাত্র ৩৮ বছর বয়সী মামুন বিশ্বাস শাহজাদপুর উপজেলার আগনুকালি গ্রামের স্কুলশিক্ষক মাহবুবুল হোসেনের ছেলে। অসহায় পরিবারের মেয়ের বিয়ে অর্থের অভাবে আটকে যাওয়ার খবর পেলেই সহযোগিতার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে আবেদন জানান তিনি। দেশ-বিদেশের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় অর্থ সংগ্রহ করে তা পৌছে দেন প্রকৃত অসহায় পরিবারের হাতে।
শুধু মুসলিম পরিবারের মেয়েদের নয়, হিন্দু সম্প্রদায়ের অসহায় পরিবার, বাক্প্রতিবন্ধী শিশু এবং সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের পাশেও দাড়িয়েছেন তিনি। যমুনার দুর্গম চর থেকে গ্রামের প্রত্যন্ত বাড়ি অসহায় মানুষের খবর পেলেই ছুটে যান মামুন।
সম্প্রতি কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের তেঘরি গ্রামের আতিয়া খাতুনের বিয়ের ব্যবস্থা করেন তিনি। অর্থের অভাবে এর আগে দুইবার বিয়ে ভেঙে যায় আতিয়ার। তাঁর বাবা অসুস্থ ও কর্মক্ষম নন। মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। আতিয়ার বিয়ের জন্য ফেসবুকে সহযোগিতার আবেদন জানালে কয়েক দিনের মধ্যে প্রায় ৩ লাখ টাকা সংগ্রহ হয়। গত ২৫ সেপ্টেম্বর সেই অর্থে তাঁর বিয়ের আয়োজন করা হয়।
আবেগাপ্লুত আতিয়া বলেন, অর্থের অভাবে তার দুইবার বিয়ে ভেঙে গিয়েছিল। এবার মানুষের সহযোগিতা ও মামুন বিশ্বাসের উদ্যোগে তার বিয়ে সম্পন্ন হয়েছে।
একই উপজেলার জামতৈল গ্রামের সুচিত্রা রানী দাসের বিয়েও অর্থের অভাবে তিনবার ভেঙে যায়। পরিবারের নিজস্ব বাড়ি নেই, ভাড়া বাসায় বসবাস। সংসার চালাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে বিয়ের খরচ জোগাড় করা ছিল কঠিন। সুচিত্রার খবর পেয়ে সহযোগিতার আবেদন জানান মামুন। পাচ দিনে প্রায় ২ লাখ ৩২ হাজার টাকা সংগ্রহ হয়। গত ১ অক্টোবর সুচিত্রা রানী দাসের সঙ্গে পলাশ কুমার ভৌমিকের বিয়ের আয়োজন করা হয়। এ সময় সুচিত্রার মা কামনা রানী দাসের হাতে নগদ ২১ হাজার টাকা তুলে দেন মামুন।
উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের ধুনচি গ্রামের নন্দিনীর জীবনও ছিল অভাব-অনটনে ভরা। ছয় বছর বয়সে বাবাকে হারানোর পর অন্যের বাড়িতে কাজ করে দুই মেয়েকে বড় করেন তার মা। মা-মেয়ে বাশের কুলা তৈরি করে বিক্রি করেও সংসার চালাতেন। নন্দিনীর বিয়ে ছয়বার ঠিক হলেও অর্থের সংকটে প্রতিবারই তা ভেঙে যায়। পরে মামুন বিশ্বাসের উদ্যোগে ফেসবুকের মাধ্যমে প্রায় ২ লাখ ১২ হাজার টাকা সহযোগিতা সংগ্রহ করা হয়।
১৫৭টি মেয়ের বিয়ের ব্যবস্থা করেই থেমে থাকেননি মামুন বিশ্বাস। অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণ, খাদ্যসহায়তা, গবাদিপশু দিয়ে স্বাবলম্বী করা ও দোকান নির্মাণসহ নানা উদ্যোগ নিয়েছেন তিনি। নিজের গ্রামেও গড়ে তুলেছেন পাখির অভয়াশ্রম। এসব উদ্যোগের বেশির ভাগ অর্থই আসে সাধারণ মানুষ ও ফেসবুক বন্ধুদের সহযোগিতায়।
মামুন বিশ্বাস বলেন, ১৫৭টি বিয়েসহ সব মানবিক এবং ভালো কাজের কৃতিত্ব ফেসবুক বন্ধুদের। আমি শুধু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মানবিক কাজে সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে আরও ভালো ভালো কাজ করা হবে, ইনশাআল্লাহ।
স্থানীয় পত্রিকার সম্পাদক ও ইতিহাস গবেষক মোহাম্মদ আব্দুল হামিদের বর্ণনা অনুযায়ী, ২০১৫ সালের শুরুর দিকে সিরাজগঞ্জের খুকনী গ্রামে একটি চায়ের দোকানে ফেরদৌস নামের এক প্রতিবন্ধী শিশুকে অন্য শিশুদের নির্যাতনের শিকার হতে দেখেন মামুন। ঘটনাটি তাকে গভীরভাবে নাড়া দেয়। সেদিন রাতেই প্রতিবন্ধী শিশুদের সহায়তা চেয়ে ফেসবুকে পোস্ট দেন তিনি। এভাবেই শুরু হয় তার মানবসেবার পথচলা। শুরুতে অনেকে উপহাস করলেও স্কুলশিক্ষক বাবা মাহবুবুল হোসেনের অনুপ্রেরণায় মানুষের পাশে দাড়ানোর কাজ চালিয়ে যান তিনি।
মোহাম্মদ আব্দুল হামিদ আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া, অবহেলিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই মামুন বিশ্বাসের মূল লক্ষ্য।
মামুন বিশ্বাসের কাছে ১৫৭টি বিয়ে কেবল ১৫৭টি অনুষ্ঠান নয় প্রতিটির সঙ্গে জড়িয়ে আছে একটি পরিবারের দীর্ঘশ্বাস, মায়ের দুশ্চিন্তা আর নতুন সংসারের স্বপ্ন। রক্তের সম্পর্ক না থাকলেও ভালোবাসা ও দায়িত্ববোধ দিয়ে যে আপনজন হয়ে ওঠা যায়, তাঁর মানবিক কর্মকাণ্ড যেন সেই দৃষ্টান্তই তুলে ধরে।

দিবসীকরণ
সোনারগাঁয়ে গরম পানি দিয়ে ঝলসে দেওয়া সেই কিশোরীর মৃত্যু