রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা আজ শেষ দিনে এসে জমে উঠেছে। ১৪, ১৫ ও ১৬ তারিখব্যাপী এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে।
মেলার আয়োজনে ছিল রাকসু, মহিলা বিভাগ এবং বিভিন্ন ছাত্রী হলসমূহ। আয়োজনের মূল লক্ষ্য ছিল নারী শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, তাদের সৃজনশীলতা ও ব্যবসায়িক সক্ষমতা তুলে ধরা এবং স্বনির্ভরতার পথে উৎসাহিত করা।
মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগের নারী শিক্ষার্থীরা নিজস্ব উদ্যোগে তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। এসব পণ্যের মধ্যে রয়েছে হস্তশিল্প, পোশাক, গহনা, হোমমেড খাবারসহ নানা সৃজনশীল সামগ্রী। প্রতিদিনই শিক্ষার্থী ও দর্শনার্থীদের ভিড়ে মুখর ছিল মেলা প্রাঙ্গণ।
আয়োজকরা জানান, এই মেলার মাধ্যমে নারী শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন, যা ভবিষ্যতে তাদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি ক্যাম্পাসে নারী উদ্যোক্তা সংস্কৃতি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আজ মেলার শেষ দিন হওয়ায় দর্শনার্থীদের উপস্থিতি আরও বেড়েছে এবং অংশগ্রহণকারীরা তাদের পণ্য বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন। আয়োজকরা আশা করছেন, এই ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিতভাবে করা হবে।
