বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

রাজধানীর মুহাম্মদপুরে চাঁদাবাজ ধরে পুলিশের মাইকিং শোডাউন

প্রথম সমাচার ডেস্ক ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

বসিলায় চাঁদাবাজ কালা ফারুক গ্রেপ্তার, এলাকায় মাইকিং করে সতর্কবার্তা পুলিশের

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকার বসিলা সিটি হাউজিং ও বসিলা ৪০ ফিট এলাকায় একাধিক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ফারুক ওরফে কালা ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ থানার কলাতিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে বসিলা এলাকায় নিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং করে কঠোর বার্তা দেয় পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, বসিলা গার্ডেন সিটি ও আশপাশের বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে গিয়ে ফারুক ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে চাঁদার দাবিতে হুমকি দিয়ে আসছিলেন। সম্প্রতি এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। এর মধ্যে হুমকি দেওয়ার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলাতিয়া এলাকায় ধলেশ্বরী নদীর তীর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ গ্রেপ্তার ব্যক্তিকে সঙ্গে নিয়ে এলাকায় মাইকিং করেন। মাইকিংয়ে তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “কাউকে চাঁদা দেবেন না। কোথাও চাঁদাবাজ দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিন।”

পুলিশ জানিয়েছে, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...