বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
Logo
×

রাজশাহীর মোহনপুরে জামাত-বিএনপি সংঘর্ষ:নিহত ১

রাজশাহী প্রতিনিধি ০৮ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদের নামাজে ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত প্রায় ৮টার দিকে উপজেলার সাঁকোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি আলাউদ্দিন নামে স্থানীয় জামায়াতের এক কর্মী। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতের আমির মাওলানা জিএএম আব্দুল আওয়াল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাঁকোয়া ঈদগাহ বড় মসজিদে আসন্ন ঈদের নামাজ কে পড়াবেন তা নির্ধারণ করতে শনিবার রাতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা চলাকালে উভয় পক্ষ নিজেদের পছন্দের ইমাম নিয়োগের দাবিতে তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তা উত্তেজনায় রূপ নিয়ে হাতাহাতি ও সংঘর্ষে পরিণত হয়।

সংঘর্ষে কয়েকজন আহত হন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত আলাউদ্দিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহী-নওগাঁ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। তারা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন জানান, সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...