শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কী হচ্ছে, প্রশ্ন বিরোধীদলীয় নেতার

Icon প্রথম সমাচার ডেস্ক

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হককে ভয়ভীতি ও হুমকি দিয়ে পদত্যাগপত্রে সই করিয়ে নেয়ার অভিযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লিখেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কী হচ্ছে?

ডা. শফিকুর রহমানের পোস্টে লিখেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কতিপয় লোক জোর করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হকের অস্থায়ী কার্যালয়ে ঢুকে পড়ে। তার ব্যক্তিগত পিএস নাজমুল হোসাইনকে শারীরিকভাবে নাজেহাল করা হয়। উপাচার্যকে ভয় দেখিয়ে ও হুমকি দিয়ে তার কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেয়া হয়। এর আগে মানববন্ধন করে উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তার বিরুদ্ধে স্লোগান ও বক্তব্য দেয়া হয় এবং তার পদত্যাগ দাবি করা হয়।

পোস্টে তিনি আরও লিখেন, উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হকের ভাষ্য অনুযায়ী, এর আগেও কয়েকবার অনুরূপভাবে তারা বিশৃঙ্খল আচরণ এবং হুমকি-ধমকি দিয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে উপাচার্য সংবাদ সম্মেলন করে এই ভীতিকর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন। এ বিষয়ে তিনি স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করেছেন বলেও জানান।

পোস্টে তিনি আরও লিখেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে এখন বিভিন্ন পরীক্ষা চলমান রয়েছে। উপাচার্য অভিযোগ করেছেন, এসব পরীক্ষার কাজে ব্যবহৃত কম্পিউটারের সিপিইউ চুরি করে নেয়া হয়েছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক।

ডা. শফিকুর রহমান পোস্টে আরও লিখেন, স্বাস্থ্য খাতে এর আগেও বিভিন্ন ধরনের মব তৈরি করা হয়েছে, রাজধানীতে হাসপাতাল ভাঙচুর করা হয়েছে, অন্যায়ভাবে মেডিকেল কলেজ বন্ধ করে দেয়া হয়েছে, বিভিন্ন জায়গায় চিকিৎসাকর্মীদের নানাভাবে নাজেহাল করা হয়েছে, ঢাকায় রাড্ডা মেডিকেল সেন্টার অবৈধ দখলদারির উদ্দেশ্যে ভেঙে চুরমার করা হয়েছে এবং লুণ্ঠন করা হয়েছে। এ সমস্ত কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই। আমরা সরকারের কাছে এ সমস্ত কর্মকাণ্ডের সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করছি।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com