শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×

রাজ্যসভা থেকে ইস্তফা দিচ্ছেন কোয়েল মল্লিক? নতুন জল্পনায় সরগরম টলিপাড়া

প্রথম সমাচার ডেস্ক ০৯ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিককে ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে, তিনি রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দিতে পারেন। সম্প্রতি দিল্লিতে তার সফরের খবর ছড়িয়ে পড়ার পর এ আলোচনা আরও জোরালো হয়েছে।

তবে এ বিষয়ে এখনো কোয়েল মল্লিক কিংবা তার ঘনিষ্ঠদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

গত ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেসের ঘোষিত রাজ্যসভা প্রার্থী তালিকায় কোয়েল মল্লিকের নাম ছিল অন্যতম চমক। রাজ্য পুলিশের সাবেক মহাপরিচালক রাজীব কুমার, সাবেক মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং আইনজীবী মেনকা গুরুস্বামীর সঙ্গে একই তালিকায় স্থান পান তিনি।

রাজনীতিতে সক্রিয় ভূমিকা না থাকায় তার মনোনয়ন এবং পরবর্তীতে দায়িত্ব গ্রহণ অনেকের কাছেই বিস্ময়ের বিষয় ছিল। এপ্রিল মাসে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার পর কোয়েল বলেছিলেন, দেশের সেবা করার সুযোগ পাওয়াকে তিনি নিজের জন্য বড় সৌভাগ্য হিসেবে দেখছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বিশেষ কিছু সামাজিক ও রাজনৈতিক সমীকরণ বিবেচনায় রেখেই তাকে রাজ্যসভায় মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই কৌশলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এদিকে তার পদত্যাগের গুঞ্জন ঘিরে নানা ব্যাখ্যা সামনে আসছে। কেউ কেউ এর পেছনে ব্যক্তিগত বা পারিবারিক কারণের কথা বললেও কোয়েলের ঘনিষ্ঠ মহল এসব ধারণাকে ভিত্তিহীন বলে দাবি করেছে। তাদের মতে, তিনি সবসময় নিজস্ব মূল্যবোধ ও সততার সঙ্গে সিদ্ধান্ত নিয়ে থাকেন।

রাজ্যসভায় মনোনীত হওয়ার পর কোয়েলের বাবা বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকও মেয়ের প্রতি আস্থা প্রকাশ করেছিলেন। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার ভবিষ্যৎ অবস্থান নিয়ে আলোচনা অব্যাহত থাকলেও, ঘনিষ্ঠ সূত্রগুলোর ধারণা—কোয়েল কোনো নতুন রাজনৈতিক শিবিরে যোগ না দিয়ে বরং নীরব ও সম্মানজনক অবস্থান বজায় রাখতেই আগ্রহী।

এদিকে তার সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে নানা জল্পনা চললেও, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি কেবল গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...