বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
Logo
×

লেখক ফোরাম-ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সংগঠনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রথম সমাচার ডেস্ক ২৩ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে সংগঠনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মাধ্যমে। পরে সংগঠনের লক্ষ্য, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি রুখসানা খাতুন ইতি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম। এছাড়াও বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার কার্যনির্বাহী পর্ষদের সদস্যবৃন্দ, সাধারণ সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন বলেন, “‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গত সাত বছর ধরে সমাজের বিভিন্ন অসঙ্গতি, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দায়িত্বশীলতার সঙ্গে পত্রিকার পাতায় তুলে ধরছে। তরুণদের চিন্তা, যুক্তি ও সৃজনশীল লেখনীর বিকাশে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সকল প্রতিষ্ঠাতা, উপদেষ্টা, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সদস্য ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সত্যনিষ্ঠ ও মানবকল্যাণমুখী লেখনীর মাধ্যমে সমাজ ও রাষ্ট্র গঠনে আমাদের এই পথচলা আরও সমৃদ্ধ হোক এই প্রত্যাশা রইল।”

বক্তারা বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী গর্ব, প্রেরণা ও আত্মবিশ্বাসের এক অনন্য মাইলফলক। সুস্থ চিন্তা, শাণিত লেখনী এবং মূল্যবোধনির্ভর সৃজনশীল চর্চার মাধ্যমে সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই আলোকিত সমাজ ও মননশীল লেখকপ্রজন্ম গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সত্য, ন্যায় ও মানবকল্যাণের আদর্শে উদ্বুদ্ধ এই পথচলায় কলম কেবল ভাব প্রকাশের মাধ্যম নয়; এটি দায়বদ্ধতা, বিবেক ও ইতিবাচক পরিবর্তনের এক শক্তিশালী প্রতীক।

অনুষ্ঠানের শেষে সংগঠনের সকল প্রতিষ্ঠাতা, উপদেষ্টা, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সদস্য, লেখক, সাংবাদিক, গবেষক, কবি, চিন্তক ও শুভানুধ্যায়ীদের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের কল্যাণে সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও মানবিক লেখনীচর্চা আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...