শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইবনে তাসলিমা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রাসেল ঢালী তাওহীদকে রুদ্রকর নীলমনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দেখিয়ে তার বাবা ছালাম ঢালীকে ম্যানেজিং কমিটিতে অভিভাবক সদস্য বানানোর অভিযোগ উঠছে প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে। এছাড়াও ম্যানেজিং কমিটির সদস্য পদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি বিশেষ পক্ষের কাছ থেকে অনৈতিকভাবে এক লাখ টাকার লেনদেনের অভিযোগও উঠে এসেছে। সেটা জানাজানি হয়ে গেলে গোপনে বিষয়টি মিমাংশ করতে বিদ্যালয়ের অফিস সহায়কে দিয়ে প্রাক্তন অভিভাবক সদস্য এমদাদ ঢালীর কাছে ১৫ হাজার টাকা ফেরত পাঠান প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। এ ঘটনায় তদন্ত ও আইনি ব্যবস্থা চেয়ে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছে সাধারন শিক্ষার্থীর অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও সচেতন মহলরা।
অনুসন্ধানে জানা যায়, শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির নিয়মিত শিক্ষার্থী রাসেল ঢালী তাওহীদ। অভিযোগ রয়েছে, ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির নিয়মিত শিক্ষার্থী থাকা সত্ত্বেও গত এপ্রিল মাসে এই শিক্ষার্থীকে রুদ্রকর নীলমনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে খাতায়-কলমে অন্তর্ভুক্ত দেখানো হয়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হয়ে গেলে তা ধামাচাপা দিতে গত ২ জানুয়ারীতে তাকে নতুন করে ভর্তি দেখানো হয়। এই নথি জালিয়াতির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীর বাবা ছালাম ঢালীকে নীলমনি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদে অনিয়মতান্ত্রিকভাবে ‘অভিভাবক সদস্য’ মনোনীত করা। ম্যানেজিং কমিটি নির্বাচনে নিজের প্রভাব বিস্তার ও অনৈতিক সুবিধা হাসিলের উদ্দেশ্যে প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক এই অপকৌশলের আশ্রয় নিয়েছেন বলে দাবি স্থানীয় ও অভিভাবকদের। প্রকৃত অভিভাবকদের বাদ দিয়ে অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীর অভিভাবককে সদস্য করায় বিদ্যালয়টির সাধারণ অভিভাবক ও এলাকাবাসীর মাঝে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
অভিযোগের মাত্রা এখানেই শেষ নয়। ম্যানেজিং কমিটির সদস্য পদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আজিজুল চৌকিদারের কাছ থেকে অনৈতিকভাবে এক লাখ টাকার লেনদেনের অভিযোগও উঠে এসেছে। পরবর্তীতে অনিয়মের বিষয়টি জানাজানি হয়ে গেলে থলের বিড়াল বেরিয়ে পড়ে। প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক নিজেকে বাঁচাতে বিদ্যালয়ের অফিস সহায়ক সুলতান শেখের মাধ্যমে ১৫ হাজার টাকা গোপনে ফেরত পাঠানোর চেষ্টা করেন বলে নিশ্চিত করেছে বিদ্যালয়ের সাবেক অভিভাবক কমিটির সদস্য এমদাদ ঢালী।
ওই বিদ্যালয়ে সাবেক অভিভাবক কমিটির সদস্য এমদাদ ঢালী জানান, ম্যানেজিং কমিটির সভাপতির বানানোর কথা বলে আজিজুল চৌকিদারের কাছ প্রধান শিক্ষক টাকা নেয়। সেই পক্ষকে সভাপতি বানাতে না পেরে, টাকা নেওয়ার কথা জানাজানি হলে, সেই মিমাংশ করার জন্য তিনি আমাকে ডেকে নেন। পরবর্তী বিদ্যালয়ের অফিস সহায়ক সুলতান শেখের মাধ্যমে আমার কাছে ১৫ হাজার টাকা পাঠায়, আমি সেই টাকা তাকে ফেরত দিয়ে দেই। এ সময় তিনি আরও বলেন, অন্য বিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে ভর্তি দেখিয়ে তারা পিতাকে অভিভাবক সদস্য নির্বাচিত করেছেন, এটা খুবই দুঃখ জনক।
ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আব্দুল কাদের শেখ জানান, বিদ্যালয়ের কমিটির কথা বলে তার মাধ্যমে আজিজুল চৌকিদারের কাছ থেকে এক লাখ টাকা নেন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। পরবর্তী তাকে আর ম্যানেজিং কমিটির সভাপতি করা হয়নি।
এ বিষয়ে বিদ্যালয়ের অফিস সহায়ক সুলতান শেখ জানান, প্রধান শিক্ষকের নির্দেশেই তিনি সেই অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন। তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অনিয়ম, জালিয়াতি ও অর্থ লেনদেনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে অস্বীকার করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক।
অভিযোগের বিষয়ে শরীয়তপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইলোরা ইয়াসমিন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত করা হবে এবং তদন্তে সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩০ হাজার টাকায় বিক্রি হওয়া সেই শিশুকে ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার