পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। ঈদের দিন তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় গিয়ে বিশের অধিক শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের হাতে উপহার তুলে দেন।
বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে আবু সাদিক কায়েম বলেন, “শহীদ পরিবারের ঈদ; আমাদের ঈদ। যেই তরতাজা প্রাণগুলোর সর্বোচ্চ কোরবানির বিনিময়ে আজ আমরা স্বৈরাচারমুক্ত দেশের মাটিতে ঈদ উদযাপন করতে পারছি, তাদের পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার এটা একটি ক্ষুদ্র প্রচেষ্টা।”
তিনি জানান, ইতোমধ্যে ২০টির বেশি শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে উপহার পৌঁছে দেওয়ার সুযোগ হয়েছে।
পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ডাকসু ভিপি। তিনি বলেন, “বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে। শহীদ পরিবারের জন্য ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা এবং প্রত্যেক পরিবারের জন্য একটি করে খাসি দেওয়া হয়েছে।”
সাদিক কায়েম আরও বলেন, “আল্লাহ তায়ালা আমাদের সবার কোরবানি কবুল করে নিন। শহীদদের আশা-আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয় কবুল করে নিন। আমীন।”
