‘Invest in Peace’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আজ বুধবার সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ২০২৫ সালে সুদানে শাহাদাতবরণকারী ছয় সেনাসদস্যের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে ওই হামলাসহ বিভিন্ন শান্তিরক্ষা মিশনে আহত সশস্ত্র বাহিনীর সদস্যদেরও সম্মাননা প্রদান করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং শান্তিরক্ষা মিশনে শাহাদাতবরণকারী সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের ওপর একটি বিশেষ উপস্থাপনা প্রদর্শিত হয়। পরে বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।
