সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

শাহ আলী মাজারে হামলার ঘটনায় গ্রেপ্তার ৩

প্রথম সমাচার ডেস্ক ১৭ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

রাজধানীর মিরপুরে শাহ আলী বাগদাদী (রহ.) মাজারে আগত দর্শনার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) রাতে শাহ আলী থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি শেখ মো. সাজ্জাদুল হক রাসেল (৩৮), তদন্তে শনাক্ত হওয়া মো. আরমান দেওয়ান (২৯) এবং এজাহারভুক্ত ৫ নম্বর আসামি মো. আজম (২৬)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার। তিনি জানান, মাজারে আগতদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার গভীর রাতে মাদক সেবনের অভিযোগ তুলে শাহ আলী মাজারে আসা কয়েকজনকে মারধর করে সেখান থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় শুক্রবার রাতে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেন মোসাম্মৎ রেসমি বেগম।

মামলায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।

এজাহারে উল্লেখ থাকা অন্য আসামিরা হলেন— মো. আলী আকবর, মো. বাপ্পা, মো. বাবু, মো. কাউসার, কাজী জহির, মো. মিজান ও কাজী পনির।

সূত্র: এশিয়া পোস্ট

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...