রাজধানীর শাহ আলী মাজারে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মাজার ভক্তদের সঙ্গে সংহতি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং সংস্কার বাস্তবায়ন কমিটির উপ-প্রধান সারোয়ার তুষারের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল মাজার পরিদর্শন করে।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, প্রীতম দাশ, হুমায়রা নূর, ধর্ম ও সম্প্রীতি সেলের আহ্বায়ক তারেক রেজা, শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির, কেন্দ্রীয় সদস্য ফাহিম খান পাঠান, জায়েদ বিন নাসের, যুবশক্তির নেতা লুৎফর রহমান নয়ন, জাতীয় নারীশক্তির নেতা তাহমিনা শারমিন যূথী, মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী সাইফুল ইসলাম এবং শাহ আলী থানার প্রধান সমন্বয়ক শফিকুল ইসলাম রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে নেতারা মাজার জিয়ারত করেন এবং হামলায় ক্ষতিগ্রস্ত ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ঘটনার বিবরণ শোনেন। পরে তারা শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে সাক্ষাৎ করে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এ সময় সারোয়ার তুষার বলেন, গত দুই বছরে দেশের বিভিন্ন মাজারে সংঘটিত হামলার নিরপেক্ষ তদন্তের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, কুষ্টিয়ার ফিলিপনগরসহ বিভিন্ন স্থানের হামলার ঘটনায় জড়িতদের রাজনৈতিক পরিচয় স্পষ্ট হলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি আরও বলেন, “অপরাধীদের রাজনৈতিক পরিচয় আড়াল করতে ‘মব’ শব্দ ব্যবহার করা হচ্ছে। এভাবে দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”
