শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo
×

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তথ্য প্রতিমন্ত্রী: ‘সাহস থাকলে দেশে ফিরে আসুন, ফাঁসির মঞ্চ প্রস্তুত’

Icon প্রথম সমাচার ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাহস থাকলে এখনই দেশে ফিরে আসুন। ডিসেম্বর পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারব না। বিদেশের মাটিতে বসে অনলাইনে হুঙ্কার দিলে চলবে না। বাংলাদেশের মাটিতে আসেন, আপনাদের জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে।

শনিবার বিকেলে জামালপুরে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরও বলেন, অতীতে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই তারা উন্নয়নের নামে লুটপাট করেছে। সারাদেশে কোথাও তারা কোনো উন্নয়ন করেনি। শুধু ঢাকায় কয়েকটি সেতু ও ওভারপাস নির্মাণের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট এবং দেশের টাকা বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেন তিনি।

শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীমের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সংসদ সদস্য এ.ই. সুলতান মাহমুদ বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক প্রমুখ।

সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলায় গিয়ে শেষ হয়।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com