মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে তৈরি হওয়া ভ্রমণ জটিলতায় শেষ পর্যন্ত ভেস্তে গেল আফগানিস্তান-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সিরিজ। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও দুবাইয়ে ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতির কারণে একেবারে শেষ মুহূর্তে সিরিজটি স্থগিতের ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
ছয় ম্যাচের সাদা বলের দু’টি সিরিজে তিনটি করে টি-টোয়েন্টি এবং ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল দু’দলের। সূচি অনুযায়ী, আগামী ১৩ই মার্চ শারজাহ স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি দিয়ে মাঠের লড়াই শুরু হওয়ার কথা ছিল। সব প্রস্তুতিও প্রায় সম্পন্ন ছিল। তবে চলতি মাসের শুরু থেকেই পরিবহন সীমাবদ্ধতা ও মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ক্রিকেটারদের ভ্রমণ ও লজিস্টিক সাপোর্টে বড় ধরনের বিঘ্ন ঘটে। তারই প্রেক্ষিতে আজ এক বিবৃতিতে এসিবি জানায়, সিরিজ দুটি বাতিল ঘোষণা করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, এটি চলতি বছরের শেষ দিকে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
বিবৃতিতে এসিবি আরও জানায়, পরিস্থিতি সামাল দিতে গত ৪ ও ৭ই মার্চ আমিরাত ক্রিকেট বোর্ড এবং ভেন্যু কর্তৃপক্ষের সঙ্গে তারা দফায় দফায় বৈঠকে বসে । তবে ৯ই মার্চ পর্যন্ত অপেক্ষা করেও শেষ পর্যন্ত পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ফলে দু’দেশের ক্রিকেট বোর্ডের সম্মতিতে সিরিজটি পিছিয়ে দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।
এ বিষয়ে সহযোগিতার জন্য সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং লঙ্কান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানায় এসিবি। সেইসঙ্গে, শ্রীলঙ্কার সঙ্গে ক্রিকেটীয় সুসম্পর্ক বজায় রেখে সুবিধাজনক সময়ে সিরিজটি আয়োজনের প্রতিশ্রুতিও দেয় তারা।
