পবিত্র রমজান মাস উপলক্ষে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক। বৃহস্পতিবার (১২ মার্চ) নেত্রকোনার শ্যামগঞ্জ এলাকায় অবস্থিত আইএফআইসি ব্যাংক শ্যামগঞ্জ উপশাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপশাখার কর্মকর্তা-কর্মচারী, সম্মানিত গ্রাহক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলে প্রধান আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন উপশাখার ইনচার্জ আশিক খান। এছাড়া উপস্থিত ছিলেন ট্রানজেকশন সার্ভিস অফিসার আনারুল ইসলামসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ আবে কাওসার। দোয়ায় আইএফআইসি ব্যাংকের উত্তরোত্তর সাফল্য, ব্যাংকের গ্রাহকদের সার্বিক কল্যাণ এবং দেশের আর্থসামাজিক উন্নতি কামনা করা হয়।
ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পবিত্র রমজানের তাৎপর্য ও মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, রমজান শুধু সংযমের মাসই নয়, এটি মানুষের মধ্যে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার চেতনা জাগ্রত করে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উপশাখা ইনচার্জ আশিক খান উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, গ্রাহকদের আস্থা ও সহযোগিতার কারণেই আইএফআইসি ব্যাংক দেশের ব্যাংকিং খাতে একটি শক্ত অবস্থান তৈরি করতে পেরেছে। ভবিষ্যতেও গ্রাহকদের উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদান অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজনের সমাপ্তি ঘটে।
